সেই নারী ও তাঁর সহযোগীরা রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ ও সাংবাদিককে মারধর এবং থানা ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার হওয়া রোকেয়া আসাদ ওরফে কেয়া চৌধুরী এবং তাঁর ছয় সহযোগীকে পৃথক চারটি মামলায় প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।শেরেবাংলা নগর থানা সূত্র জানায়, কেয়া চৌধুরী ও তাঁর ছয় সহযোগীর বিরুদ্ধে পৃথক চারটি মামলা হয়েছে। পুলিশের ওপর হামলা ও মারধরের অভিযোগে ট্রাফিক সার্জেন্ট মো. আলম বাদী হয়ে গত শুক্রবার রাতে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। জাতীয় সংসদ ভবনের পেছনের সড়কে মারধরের অভিযোগে মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান বাদী হয়ে ওই সাতজনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।ট্রাফিক সার্জেন্টকে মারধরের সময় আরটিভির ক্যামেরা ও শব্দধারক যন্ত্র ভেঙে ফেলা এবং পরে প্রতিবেদককে মারধরের ঘটনায় অপর একটি মামলায় বাদী হন ওই টিভি চ্যানেলের নগর প্রতিবেদক ওসমান গনি বাবুল।আটক ব্যক্তিদের থানা থেকে ছাড়িয়ে নিতে কেয়া চৌধুরী ও তাঁর সহযোগীরা থানা ভাঙচুর এবং উপস্থিত দুই সাংবাদিককে মারধর করেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা করেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহজাহান। কেয়া চৌধুরী ছাড়া চার মামলার অন্য আসামিরা হলেন—তাঁর ছেলে মো. রাব্বি (১৯), মেয়ে রেজওয়ানা চৌধুরী (২০), তাঁর সহযোগী রাজ (১৮), রমজান আলী বেপারি (৩০), নয়ন (২৬) ও মানিক (৩০)। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, আদালত প্রতিটি মামলায় আসামিদের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, কেয়া চৌধুরী কখনো নিজেকে মন্ত্রীর স্ত্রী, কখনো জাতীয় পার্টির নেত্রী, আবার কখনো সচিবের স্ত্রীর পরিচয় দিয়েছেন।গত শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের পেছনের সড়কে একটি প্রাইভেট কারের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে প্রাইভেট কার থেকে নেমে কেয়া চৌধুরী আরোহীকে চড় মারেন। ট্রাফিক সার্জেন্ট মো. আলম প্রতিবাদ করলে তাঁকেও চড়-থাপড় মারেন কেয়া চৌধুরী এবং তাঁর সঙ্গী আরেক নারী। আরটিভির ক্যামেরাম্যান সেই দৃশ্য ধারণ করতে গেলে তাঁরা টিভি ক্যামেরা এবং বুম (শব্দধারণ যন্ত্র) কেড়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলেন। খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে কেয়া ও তাঁর সহযোগীকে আটক করে থানায় নিয়ে যায়। একপর্যায়ে তাঁরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অপারেশন কর্মকর্তার কক্ষও ভাঙচুর করেন।