সেই নারী ফুটবলারদের পাশে প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের সেই নারী ফুটবলারদের পাশে দাঁড়িয়েছে প্রথম আলো, দিয়েছে সহায়তা। ছবিটি গতকাল বিকেলে রংপুর সদরের নয়াপুকুর এলাকা থেকে তোলা l প্রথম আলো
রংপুরের সেই নারী ফুটবলারদের পাশে দাঁড়িয়েছে প্রথম আলো, দিয়েছে সহায়তা। ছবিটি গতকাল বিকেলে রংপুর সদরের নয়াপুকুর এলাকা থেকে তোলা l প্রথম আলো

রংপুরের সেই নারী ফুটবলারদের পাশে দাঁড়াল প্রথম আলো। গতকাল সোমবার বিকেলে প্রথম আলোর পক্ষ থেকে নয়াপুকুর সাজানো বাগান ফুটবল একাডেমির ২১ জন নারী খোলোয়াড়কে জার্সি ও ফুটবল কিনে দেওয়া হয়। এ ছাড়া একাডেমির ঘর মেরামতের জন্য প্রাথমিকভাবে কিছু আর্থিক সহায়তাও করা হয়।
এ উপলক্ষে পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমবেত হন জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক সেরাফুল হোসেন, গ্রামের নারী ফুটবলার, তাদের অভিভাবক ও গ্রামবাসী।
গত রোববার প্রথম আলোয় ‘রংপুরে নারী ফুটবলারদের গ্রাম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই নারী ফুটবলারদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়।
একাডেমির ব্যবস্থাপক জাকির হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন, প্রথম আলোয় খবর প্রকাশের পর দেশ-বিদেশ থেকে ফোন এসেছে। অনেকেই উৎসাহিত করেছেন। তিনি প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘প্রথম আলো শুধু খবর পরিবেশনই নয়, আমাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।’
অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফুটবলার রেখা আক্তার বলেছে, ‘খবরটি প্রকাশের পর অনেক জায়গা থেকে ফোন পেয়েছি। আমরা আনন্দিত। ভবিষ্যতে আরও ভালো খেলে গ্রামের মুখ উজ্জ্বল করতে চাই।’ অভিভাবক কৃষক মনজুরুল হক বলেন, ‘আগোত (আগে) হামার এই গ্রামটাত কাও না আসলেও প্রথম আলোত খবর বেরায় অনেক মানুষ আইসেছে।’