সেই নারীর লাশের ময়নাতদন্ত হবে

রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে চারতলা থেকে পড়ে এক নারীর মৃত্যুর ঘটনায় লাশের ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এ জন্য ওই নারীর লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তদন্ত শেষে লাশ দাফন করা হবে।
পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ওয়াহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাছিনা নকিবের মৃত্যুর ঘটনায় বিভিন্ন বিষয় বিবেচনা করে তাঁর লাশের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল, মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন হাছিনা নকিব। ঘটনার সময় পালাতে গিয়েই চারতলা থেকে তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখন লাশের ময়নাতদন্ত করা হবে।
গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির চারতলার একটি ফ্ল্যাট থেকে পড়ে হাছিনা নকিবের (৫৬) মৃত্যু হয়। তাঁর স্বামী হারুন নকিব অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা। জাপান গার্ডেন সিটির ১৬তলা একটি ভবনের চারতলায় স্বামী ও দুই সন্তান নিয়ে থাকতেন হাছিনা।
জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক ও হাছিনার প্রতিবেশী মুফদি আহমেদ বলেন, ২০ নম্বর ভবনের ৪০৪ নম্বর ফ্ল্যাটটি হারুন নকিবের। তাঁর স্ত্রী হাছিনা নকিব মানসিক ভারসাম্যহীন ছিলেন। আগেও তাঁর চিকিৎসা করানো হয়েছে। আবার হাসপাতালে নেওয়ার কথা শুনে রান্নাঘরসংলগ্ন বারান্দার গ্রিলের কাটা অংশ দিয়ে তিনি পালাতে চেয়েছিলেন বলে জানা গেছে।
মুফদি আহমেদ বলেন, ‘গতকালও তাঁকে দেখেছি। তিনি প্রায়ই ছেলেদের নিয়ে হতাশা প্রকাশ করতেন। একবার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন বলেও শুনেছি।’
হাছিনা নকিবের পরিবার, পুলিশ ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, হারুন নকিব ও হাছিনা নকিব দম্পতির সাদ, তৌফিক, শাওন ও তাহসান নামে চার ছেলে রয়েছে। এর মধ্যে বড় দুই ছেলে আলাদা থাকেন। অবসরের পর হারুন নকিব স্ত্রীর নামে এই ফ্ল্যাট কেনেন। এ ছাড়া অবসরের পর তিনি যেসব অর্থ পেয়েছেন, তা-ও স্ত্রীর কাছে গচ্ছিত ছিল। আজ মঙ্গলবার হাছিনা নকিবকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল।
এডিসি ওয়াহিদুল ইসলাম বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগে তিনি বাসা থেকে বেরিয়ে চার দিন নিখোঁজ ছিলেন। শাহবাগ থানা-পুলিশ তাঁকে খুঁজে পায়। ১৯ এপ্রিল থানা থেকে তাঁকে নিয়ে আসেন হাছিনা নকিবের স্বামী হারুন। ধারণা করা হচ্ছে, গতকাল চারতলা থেকে শাড়ি ধরে নামার সময় তাল রাখতে না পেরে তিনি নিচে পড়ে যান। তাঁর মাথায় আঘাত লেগেছিল। ওই নারীকে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথমে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছিল পুলিশ। মঙ্গলবার দুপুরে জানাজা শেষে তাঁকে দাফন করার কথা ছিল। কিন্তু পরে লাশের ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নেয় পুলিশ।