সেই নারী চিকিৎসক করোনায় আক্রান্ত নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের চরপাড়া নয়াপাড়া এলাকার সেই নারী চিকিৎসক করোনায় আক্রান্ত নন। চিকিৎসকেরা তাঁকে আইসোলেশন ইউনিট থেকে বাসায় গিয়ে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব কর্তৃপক্ষ বুধবার রাতে এই চিকিৎসক ও তাঁর স্বামীর পরীক্ষার ফলাফল নিশ্চিত করেছে। এতে তাঁদের কারোরই শরীরে করোনা শনাক্ত হয়নি। এই খবরে ময়মনসিংহে চিকিৎসকসহ সর্বস্তরের মানুষ উচ্ছ্বসিত। বিএমএ ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক হোসেন আহাম্মদ গোলন্দাজ বলেন, একবার করোনায় শনাক্ত হওয়ার পর সেখান থেকে সুস্থ হয়ে ফিরে আসাটা কঠিন। তারপরও সবার দোয়ায় তিনি (চিকিৎসক) সুস্থ হয়ে গেলেন, এটা নিঃসন্দেহে অনেক আনন্দের।

প্রথমে গত শনিবার এই নারী চিকিৎসকের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার পাওয়া ফলাফলে তাঁর করোনা শনাক্ত হয়। সেদিন বিকেলেই তাঁকে এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়েছিল। এ সময় স্থানীয় লোকজন ও কাউন্সিলরের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এসব বিষয় নিয়ে বুধবার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন চিকিৎসক। এ নিয়ে দিনভর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা জানান অনেকেই।

মঙ্গলবার দ্বিতীয় দফায় চিকিৎসকের নমুনা সংগ্রহ করা হয়। বুধবার পাওয়া ফলাফলে তাঁর করোনা ধরা পড়েনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান জানান, এই চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনের সময় এক করোনা রোগীকে চিকিৎসা দিয়েছিলেন। তারপর তিনি ময়মনসিংহে স্বামীর বাসায় এসে কোয়ারেন্টিনে ছিলেন। পরে তিনি করোনা পজিটিভ হলে তাঁকে আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছিল এবং নয়াপাড়া এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছিল।