সেই নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করল ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের জনবল নিয়োগের বিজ্ঞপ্তিটি অবশেষে স্থগিত করা হয়েছে। বোর্ডের কর্মকর্তারা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
বোর্ডের জনবল কাঠামো ও নিয়োগ বিধিমালা চূড়ান্ত না হলেও গত ২৪ সেপ্টেম্বর ছয়টি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ১৫ অক্টোবর ছিল আবেদনের শেষ দিন। তবে কোথাও পদের সংখ্যা উল্লেখ করা হয়নি। ছিল না সরকারি স্মারক নম্বর ও তারিখ। বিজ্ঞপ্তিতে বয়সের তারিখ নিয়েও ছিল বিভ্রান্তি। এসব নিয়ে প্রশ্ন উঠলে গত সোমবার নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিলের সিদ্ধান্ত হয়।
বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, বিভিন্ন সময়ে এখানে অস্থায়ীভাবে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের স্থায়ীভাবে নিয়োগ দিতেই তাড়াহুড়ো করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাম করা হয়েছিল।
জানতে চাইলে কল্যাণ বোর্ডের পরিচালক নুরুন নাহার প্রথম আলোকে বলেন, ‘প্রথমে ভুল করে তারিখ ও স্মারক ছাড়া বিজ্ঞপ্তিটি চলে গিয়েছিল। তবে পরে আমরা এর সংশোধন দিয়েছি।’ পদসংখ্যা উল্লেখ না করা প্রসঙ্গে তিনি বলেন, ‘পদসংখ্যা উল্লেখ করলে ভালো। কিন্তু উল্লেখ করাটা বাধ্যতামূলক নয়।’ তিনি জানান, গত সোমবার বিকেলে অনিবার্য কারণবশত এই বিজ্ঞপ্তি স্থগিত করা হয়েছে।