সেই নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আবারও চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শামসুল হুদা সিদ্দিকীর বিরুদ্ধে আবারও চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নানা অভিযোগে অভিযুক্ত এই প্রকৌশলীর বিরুদ্ধে সাত দিনের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
১৩ নভেম্বর চিঠি দেওয়া হলেও এখনো পর্যন্ত করপোরেশন কোনো ব্যবস্থা নেয়নি। মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ। তিনি প্রথম আলোকে জানান, নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তা বিস্তারিত জানতে চেয়ে মন্ত্রণালয় চিঠি দিয়েছে। চিঠির জবাব দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) শামসুল হুদা সিদ্দিকীর বিভিন্ন অনিয়ম নিয়ে গত ১৩ অক্টোবর প্রথম আলোতে ‘নানা অভিযোগ, তবু স্বপদে বহাল তিনি!’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রকৌশলী শামসুল হুদা সিদ্দিকীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মসহ ১১টি অভিযোগ ছিল। এর মধ্যে নয়টি অভিযোগের প্রমাণ পায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের তদন্ত কমিটি ও করপোরেশনের বিভাগীয় তদন্ত কমিটি।
করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন ওই সময় শামসুল হুদা সিদ্দিকীকে যান্ত্রিক শাখা থেকে সরিয়ে দিতে সুপারিশ করেছিলেন। আর শাস্তিমূলক ব্যবস্থা নিতে গত ২৭ মে ও ২২ সেপ্টেম্বর চিঠি দিয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়।
সর্বশেষ ১৩ নভেম্বর মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা সালমা জাফরীনের সই করা চিঠিতে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর করপোরেশনের দেওয়া চিঠিতে অভিযুক্ত কর্মকর্তাকে বিভাগীয় মামলায় দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে বলে জানানো হয়। কিন্তু তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কি না এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের তদন্তে প্রমাণিত অভিযোগের বিষয়ে কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘এই অবস্থায় তাঁকে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় কমিশনারের তদন্তে প্রমাণিত অভিযোগের বিষয়ে কী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা আগামী সাত দিনের মধ্যে অবহিত করার নির্দেশ দেওয়া হলো।’
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ প্রথম আলোকে বলেন, অভিযুক্ত প্রকৌশলীর প্রথম কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায়, তাঁকে দ্বিতীয় দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তিনি এর জবাব দিয়েছেন। তা যাচাই-বাছাই করা হচ্ছে।