সেই নিশ্চিন্তপুরের বালিকারা এবার...
সিলেটের জৈন্তাপুর উপজেলার নিশ্চিন্তপুরের বালিকারা এবার জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০১০ সালে ‘বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার নিশ্চিন্তপুর রেজি. প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা জাতীয় পর্যায়ে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করছে। আজ রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১২’-এর চূড়ান্ত পর্বে নিশ্চিন্তপুর রেজি. প্রাথমিক বিদ্যালয় দলের মুখোমুখি হচ্ছে রংপুর সদর উপজেলার পানিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।বিদ্যালয় সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় খুদে শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২০১০ সালে প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ চালু হয়। ওই খেলায় চ্যাম্পিয়ন হয়েছিল নিশ্চিন্তপুর রেজি. প্রাথমিক বিদ্যালয় দল। শুধু বালকদের মধ্যে এ প্রতিযোগিতা সীমাবদ্ধ না রেখে বালিকাদের মধ্যে বিস্তৃত করতে ২০১১ সালে প্রবর্তন করা হয় ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’।চারিকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল হক প্রথম আলোকে জানান, এবার দেশের ৬৪টি জেলার ৫৭ হাজার ৩২০টি প্রাথমিক বিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশ নেয়। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিন্তপুরের বালিকারা জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। চূড়ান্ত খেলার জন্য গঠিত দলে রয়েছে: লিজা বেগম, জায়দা বেগম, সাথী রানী, সংসিতা রানী, রেহেনা বেগম, শামীমা বেগম, শাহানা বেগম, শিরিন বেগম, সুলতানা বেগম, জাকিয়া বেগম, সিথা রানী, শান্তি রানী, দৃষ্টি রানী, মারুফা বেগম। চারিকাটা ইউপির চেয়ারম্যান ছাড়াও দলটির ব্যবস্থাপনার (ম্যানেজার) দায়িত্বে রয়েছেন দরবস্ত ইউপির চেয়ারম্যান মো. কামাল আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরউদ্দিন।