সেই নিয়ামুল কেমন আছে
‘বড় হইয়া ল্যাব (র্যাব) হইমু। সন্ত্রাসী ধরমু।’ আট বছরের শিশু নিয়ামুল এভাবে তার ইচ্ছার কথা জানানোর পর একটু থামে। বাইরে যেতে ইচ্ছে করে না? প্রতিবেদকের এই প্রশ্নের জবাবে সে আবার বলতে থাকে, ‘বাইরে তো যাইতে ইচ্ছা করে, কিন্তু আমারে যাইতে দিব?’ মনে হলো, প্রশ্নটি অন্য কারও উদ্দেশে নয়, সে নিজের উদ্দেশেই করল।নিয়ামুল জেনে গেছে, তার জীবন আর অন্য শিশুদের মতো নেই। যা খুশি তা করা যাবে না। শরীরের যন্ত্রণার ছাপ ওর চাহনিতেও। চোখেমুখে রাজ্যের বিরক্তি। আচরণে কিছুটা অস্থিরতা, অন্যমনস্কতা। প্রতিবেদকের অনুরোধে একটু হাসল, কিন্তু পরক্ষণেই তা মিলিয়ে গেল। যেন সে হারিয়ে গেল কোনো অচেনা জগতে, যে অচেনা জগৎটি সে চিনেছে ছয় মাস আগে। ওই জগতের বীভৎসতা তাকে আজও স্বস্তিতে থাকতে দিচ্ছে না।নিয়ামুল রাজধানীর কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদের একটি সন্ত্রাসী চক্রের শিকার। গত ৬ সেপ্টেম্বর সন্ত্রাসীরা তাকে অপহরণ করে। তার অবুঝ ছোট্ট শরীরটা কেটেকুটে পঙ্গু বানিয়ে ভিক্ষাবৃত্তিতে নামাতে চেয়েছিল তারা। তার ওপর নির্যাতনের একপর্যায়ে সে মারা গেছে মনে করে সন্ত্রাসীরা তাকে ফেলে চলে যায়। কিন্তু ভাগ্যের জোরে বেঁচে যায় সে।র্যাবের কর্মকর্তারা এক বিশেষ অভিযান চালিয়ে ওই চক্রের সদস্য শরিফুল ইসলাম ওরফে কোরবানকে গ্রেপ্তার করেন। গত ২৯ ডিসেম্বর গ্রেপ্তারের পর সাংবাদিকদের সামনে এসব অপকর্মের কথা স্বীকারও করেন কোরবান। নিয়ামুল ও তার পরিবার বর্তমানে র্যাবের হেফাজতে আছে। পরিবারটির নিরাপত্তার স্বার্থেই তাদের বর্তমান ঠিকানা প্রকাশ না করার জন্য র্যাব প্রথম আলোকে অনুরোধ জানিয়েছে।গত সোমবার র্যাবের সহায়তায় প্রতিবেদকের সঙ্গে কথা হয় নিয়ামুল, তার রিকশাচালক বাবা উমেদ আলী ও মা সফুরা খাতুনের সঙ্গে। নিয়ামুলের বাবা জানালেন, কোনো কারণে খেপে গেলে নিয়ামুলকে আর শান্ত রাখা যাচ্ছে না।আড়াই মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এখনো তার সারা শরীরে কাটাছেঁড়ার চিহ্ন স্পষ্ট। সে যখন কথা বলছিল, তখন তার বাবা-মা বারবার শিউরে উঠছিলেন। এ সময় তাঁদের দীর্ঘশ্বাসে পরিবেশ ভারী হয়ে ওঠে।উমেদ আলী প্রথম আলোকে বলেন, ‘এই সন্তানের মতো আর কোনো সন্তানের যাতে অঙ্গহানি না হয়। আমার মতো আর কোনো বাবারে যেন রাস্তায় না কানতে হয়।’ নিয়ামুলের মা সফুরা বেশি কথা বলতে পারছিলেন না। শুধু বললেন, ‘রক্তের লাইগ্যা ছেলের চেহারা পর্যন্ত চিনতে পারি নাই। কাটার জন্য পেটের ভিতর দিয়া নাড়িভুঁড়ি পর্যন্ত দেখা যাইতেছিল।’র্যাবের আইন ও জনসংযোগ শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল প্রথম আলোকে বলেন, ঘটনাটি নির্মম ও অমানবিক। বিবেকের তাড়না থেকেই শিশুটির পাশে দাঁড়িয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্য। দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, শিগগিরই সন্ত্রাসী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।র্যাবের এই কর্মকর্তা প্রথম আলোকে জানান, হাইকোর্টের নির্দেশে র্যাবের পক্ষ থেকে নিয়ামুলের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে একটি মেডিকেল বোর্ড গঠনের জন্য আহ্বান জানানো হয়েছে।সারা দিন কী করো—এই প্রশ্ন করলে নিয়ামুল জানায়, সে বল খেলে, মাছ-গোশত দিয়ে ভাত খায়। কিন্তু এর বাইরে তার আর কিছু করার নেই। প্রতিদিন প্রায় একই রুটিনে একটি নির্দিষ্ট গণ্ডিতে দিন কাটছে তার। কিন্তু এভাবে কত দিন চলবে, র্যাবই বা পরিবারটিকে কত দিন নিরাপত্তা দেবে, তার কোনো উত্তর নেই কর্মকর্তাদের কাছেও।গত ৩০ ডিসেম্বর ‘শিশুদের পঙ্গু করে নামানো হচ্ছে ভিক্ষায়’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান এ নিয়ে তিনটি দৈনিকের প্রতিবেদন গত ২ জানুয়ারি আদালতের নজরে আনেন। ওই প্রতিবেদন পর্যালোচনা করে আদালত ২ জানুয়ারি স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। এরপর মামলার তদন্তভার র্যাবে স্থানান্তর করার নির্দেশ দেন আদালত।