উপজেলা পরিষদ কমপ্লেক্স পোড়ানোসহ সহিংসতা ও তাণ্ডবের চারটি মামলার প্রধান আসামি জামায়াত নেতা নুরুল ইসলাম মণ্ডলই বগুড়ার নন্দীগ্রামের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীরা তাঁর কাছে বড় ব্যবধানে হেরে যান।
নুরুল ইসলাম পেয়েছেন ৪৫ হাজার ৩৮৭ ভোট। বিএনপি-সমর্থিত তহিদুর রহমান খান চৌধুরী ২১ হাজার ৭১১ এবং আওয়ামী লীগ-সমর্থিত আনিছুর রহমান পেয়েছেন মাত্র ১১ হাজার ৪০১ ভোট। ২০০৯ সালে যুবলীগ নেতা রেজাউল আশরাফের কাছে নুরুল ইসলাম ১২ হাজার ৭০০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর গত বছরের ৩ মার্চ গানপাউডার ঢেলে নন্দীগ্রাম উপজেলা পরিষদের ১৯ দপ্তর, ইউএনও ও চেয়ারম্যানের সরকারি গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে নুরুল ইসলামের বিরুদ্ধে। রেজাউল আশরাফ বলেন, ‘অযোগ্য লোককে মনোনয়ন দিয়ে আমাকে দল থেকে বহিষ্কার করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। তার পরও দলের স্বার্থে আমি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিই। এতে সাধারণ ভোটাররা আওয়ামী লীগের ওই নেতার ওপর ক্ষুব্ধ হয়ে জামায়াতকে ভোট দিয়েছেন।’ তহিদুর রহমান খান চৌধুরী বলেন, বিএনপিতে ঘাপটি মেরে থাকা সুবিধাভোগী ও সুযোগসন্ধানী একটি অংশের বিশ্বাসঘাতকতার কারণে এমন ফলাফল হয়েছে। তিনি দাবি করেন, ১৯-দলীয় জোটের পক্ষে নুরুল ইসলামকে প্রার্থী ঘোষণা দেওয়া হয়। এ সুযোগ কাজে লাগিয়ে তিনি বিএনপির সুযোগসন্ধানী অংশটিকে নিয়ে প্রচারণায় নামেন। ভোটের মাত্র এক দিন আগে বিএনপি থেকে তাঁকে সমর্থন দেওয়া হলেও ১৯-দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি ভোটারদের বিভ্রান্ত করেন। জামায়াত নেতা হিসেবে কেউ তাঁকে ভোট দেননি, তাঁর বিজয় ঠেকাতে বিএনপি-আওয়ামী লীগ একজোট হয়ে জামায়াতকে ভোট দিয়ে জিতিয়ে দিয়েছে। নুরুল ইসলাম মন্ডল বলেন, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে জামায়াতের নেতা-কর্মীর পাশাপাশি সাধারণ মানুষের বিরুদ্ধে গণহারে মামলা দিয়ে আওয়ামী লীগ সরকার দিনের পর দিন যে হয়রানি-জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছিল, নন্দীগ্রামবাসী ব্যালট বিপ্লবের মাধ্যমে তার জবাব দিয়েছেন। তিনি দাবি করেন, ‘৩ মার্চ আমি উপজেলা সদরে না গেলেও উপজেলা পরিষদে হামলাসহ সব মামলায় আমাকে প্রধান আসামি করা হয়েছে। আওয়ামী লীগের এই জঘন্য হিংসার রাজনীতির জবাব ভোটের মাধ্যমে জনগণই দিয়েছেন।’ গত শুক্রবার বিভিন্ন শ্রেণীপেশার ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, তাণ্ডব-সহিংসতার অভিযোগ থাকার পরও তিন কারণে এখানে জামায়াত প্রার্থী জিতেছেন। প্রথমত, জামায়াত নেতার বিরুদ্ধে যে তাণ্ডব-সহিংসতার কথা বলা হচ্ছে, সেই ঘটনাকে পুঁজি করে এসব মামলায় কয়েক হাজার অজ্ঞাত আসামি করা হয়। আর এই অজ্ঞাত আসামি ধরার নামে সাধারণ মানুষকে ব্যাপক হয়রানি-নির্যাতন করা হয়। এতে আওয়ামী লীগের ওপর ক্ষুব্ধ ও নাখোশ হন এলাকাবাসী। অন্য দুটি কারণ হলো প্রার্থী সমর্থন নিয়ে বিএনপির বিভ্রান্তি এবং দলটির অন্তঃকোন্দল ও একটি অংশের জামায়াতপ্রীতি। আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানিয়েছেন, ২০০৯ সালের নির্বাচনে উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল আশরাফকে বাদ দিয়ে রফিকুল ইসলাম নামে এক নেতাকে দলীয় সমর্থন দেন মমতাজ উদ্দিন। নির্বাচনে রেজাউল আশরাফ বিজয়ী হন। এরপর রেজাউল আশরাফের বাবা ও তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে দল থেকে বহিষ্কার করা হয়। এবারের নির্বাচনে রেজাউল আশরাফ, ইউনুস আলী ও আনিসুর রহমান আওয়ামী লীগের সমর্থন চান জেলা সভাপতির। আস্থাভাজন হওয়ায় আনিসুর রহমান দলীয় সমর্থন পান। ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয় অন্য দুজনকে। এতে ক্ষুব্ধ হয়ে সাধারণ কর্মী-সমর্থকেরা জামায়াত প্রার্থীকেই ভোট দেন। উপজেলার ধুন্দার বাজারে কথা হয় আওয়ামী লীগ কর্মী আবু সুফিয়ানের সঙ্গে। তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে দল করছি। আমার গোটা পরিবারে আওয়ামী লীগের ৬৯ জন ভোটার। কিন্তু জেলার একজন নেতার কর্মকাণ্ডে ত্যক্তবিরক্ত হয়ে জেনেশুনে বিষপান করার মতোই পরিবারের সবাই জামায়াত প্রার্থীকে ভোট দিয়েছি। কারণ, ভোট দেওয়ার মতো দলে যোগ্য প্রার্থী খুঁজে পাইনি।’ নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দল থেকে আমরা যোগ্য প্রার্থী দিতে পারিনি। এই ব্যর্থতা অস্বীকার করতে পারি না। দলের কর্মী-সমর্থকেরা জামায়াত প্রার্থীকে ভোট দিয়েছেন কি না জানি না, তবে তাঁরা যাঁকে যোগ্য মনে করেছেন, তাঁকেই ভোট দিয়েছেন।’