সেই নেতা গ্রেপ্তার হননি
নাটোরে ছাত্রলীগের সেই নেতাসহ দুজনের বিরুদ্ধে জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় এক আসামিকে গত বৃহস্পতিবার রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ছাত্রলীগের সেই নেতা এখনো গ্রেপ্তার হননি।সদর উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, হাটবাজার ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে পীরগাছা হাটের ইজারাদার এস এম ফকরুদ্দিন ওরফে ফুটু ও বিপ্রবেলঘরিয়া হাটের ইজারাদার লিটন হোসেন প্রাইম ব্যাংকের জাল ড্রাফট জমা দিয়ে দরপত্র দাখিল করেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে তাঁরা ওই দুটি হাটের ইজারাও পান। কিন্তু পরে ওই ড্রাফট জাল হিসেবে চিহ্নিত হয়।সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজে তদন্ত করে বিষয়টির সত্যতা পান। তিনি ২৮ জুন তাঁদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা করেন। পুলিশ লিটন হোসেনকে গত মঙ্গলবার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তবে প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা গেলেও মামলার মূল আসামি ফুটুকে গ্রেপ্তার করা হয়নি। তিনি জামিন না নিয়েও বৃহস্পতিবার পর্যন্ত আমতলী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। মামলার তদন্ত কর্মকর্তা মাসুদ করিম বলেন, মূল আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ফকরুদ্দিন রাষ্ট্রপতির বিশেষ অনুকম্পায় ফাঁসির দণ্ড থেকে অব্যাহতি পাওয়া ছাত্রলীগ সাবেক নেতা। তিনি নলডাঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন।