সেই নেতার জন্য এবার সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৃঙ্খলাভঙ্গের দায়ে পাঁচ মাস আগে তাঁকে বহিষ্কার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই কারণে ছাত্রলীগ থেকেও চলতি মাসের ২০ এপ্রিল বহিষ্কার করা হয় তাঁকে। গতকাল রোববার তাঁর পক্ষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বহিষ্কৃত এই ছাত্রনেতার নাম আবদুল্লাহ আল কায়সার। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল কায়সার ২০ এপ্রিল থেকে শুরু হওয়া স্নাতক (সমমান)-এর ফাইনাল পরীক্ষা দিতে পারেননি। এ কারণে সেদিন পরীক্ষার হলে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ। এতে পণ্ড হয়ে যায় পরীক্ষা। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় ছাত্রলীগের।
বহিষ্কৃত শিক্ষার্থী আবদুল্লাহ আল কায়সারকে বিভাগের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে গতকাল আবারও ক্যাম্পাসে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। একই সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা। ওই সংঘর্ষের ঘটনায় পুলিশ আবদুল্লাহ আল কায়সারসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে। কায়সারসহ দুজনকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রলীগের নেতারা বলেন, আবদুল্লাহ আল কায়সারকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ঘটনায় বহিষ্কার করেছিল, সে ঘটনায় তিনি জড়িত ছিলেন না। বিনা দোষে শাস্তিপ্রাপ্ত একজন শিক্ষার্থীর পাশে ছাত্রলীগ দাঁড়িয়েছে। কায়সার না হলেও অন্য কোনো সাধারণ শিক্ষার্থী এ ঘটনার শিকার হলে ছাত্রলীগ তাঁর পাশে দাঁড়াত। বক্তারা কায়সারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি এবং পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করিয়েছে। এ মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মনসুর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সানজিদা জিনিয়া, বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মো. মামুন ও শোভন দাশ, সহসম্পাদক সৈয়দা তাজিন, শিক্ষা ও পাঠচক্রবিষয়ক উপসম্পাদক শেখ শাহরিয়ার মোস্তফা, গ্রন্থাগার-বিষয়ক উপসম্পাদক ফরহাদ উদ্দিন, পাঠাগার-বিষয়ক সম্পাদক আবু বকর প্রমুখ।
বহিষ্কৃত ছাত্রলীগ নেতার জন্য সমাবেশ করার বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, আবদুল্লাহ আল কায়সারকে বহিষ্কার করার যে সিদ্ধান্ত কেন্দ্রীয় ছাত্রলীগ নিয়েছে তা মানেন তাঁরা। মিছিল সমাবেশ হয়েছে পুলিশের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে। পুলিশের হামলায় ছাত্রলীগের নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় করা মামলায় ছাত্রলীগের নেতা-কর্মীদেরই আসামি করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়েছেন নেতা-কর্মীরা।
সমাবেশে উপস্থিত থাকা কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সানজিদা জিনিয়া বলেন, মানবিক দিক বিবেচনা করে তিনি সমাবেশে যান।