সেই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনওর চিঠি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) নামে আওয়ামী লীগের নেতার চাঁদাবাজির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বৃহস্পতিবার দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।ইউপির নামে চাঁদা আদায়ের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ইউপি চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা শুক্রবার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।বর্তমানে কবাখালী এলাকায় সাময়িকভাবে চাঁদা আদায় বন্ধ রয়েছে। দীঘিনালা ট্রাক্টর মালিক সমিতির সভাপতি রুহুল আমিন কিবরিয়া ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘২ জানুয়ারি জামাল হোসেন আমাদের ডেকে নিয়ে গাড়িতে কোনো মালামাল পরিবহন না করতে নিষেধ করেন। গাড়িতে মালামাল পরিবহন করলে গাড়ি জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দেন।’উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নওশাদ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ নেতা জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করায় তিনি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।’কবাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল হোসেন তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কাউকে হুমকি দিইনি। ওরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।’ওসি সাহাদাত হোসেন বলেন, কবাখালী এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। আওয়ামী লীগ নেতা জামাল হোসেনের বিরুদ্ধে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ না দেওয়ায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। গত ১ জানুয়ারি প্রথম আলোয় ‘আওয়ামী লীগ নেতার চাঁদাবাজি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।