আধা কিলোমিটার সড়কে জট বাঁধা যানবাহন। অ্যাম্বুলেন্সের শব্দেও জট খুলছে না।
যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে গতকাল সোমবার বেলা দেড়টার দিকে ছিল এমন অবস্থা। তীব্র ক্ষোভ চা-পান-সিগারেট বিক্রেতা বরকত আলীর। ‘এই দ্যাখেন, সব চলতাছে, লম্বা জটে আটকা আছে গাড়িঘোড়া, সব দোকান খোলা, তাইলে কিসের হরতাল? সরকার গোঁ ধরছে সরবো না, আর বিএনপি-জামায়াত হরতাল ডাকবোই, মানুষ চাক বা না চাক। এডা অহন তাগো কাচে তামশা।’ হরতাল কেমন হচ্ছে? জবাবে গতকাল সরাসরি এমন জবাব দেন তিনি।
একই কথা টিকাটুলীতে রাজধানী সুপার মার্কেটে কেনাকাটা করতে আসা ওয়ারীর র্যাংকিন স্ট্রিটের রাইদা ইসলামেরও। বললেন, ‘কিসের হরতাল? দ্যাখেন, হরতালের মধ্যে আমার বোন বাচ্চাদের নিয়ে বাসে করে কুমিল্লা থেকে সায়েদাবাদ এসেছে। পরে সিএনজি অটোরিকশায় বাসায় (ওয়ারী) চলে এসেছে কোনো ঝুটঝামেলা ছাড়াই।’
কুমিল্লা থেকে গত রোববার সকালে রাইদা ইসলামের ছোট বোন ঢাকায় এসেছেন দুই কন্যা নিয়ে। তাদের নিয়ে এসেছেন এই বিপণিবিতানে। খেলনা কিনলেন, সঙ্গে টিপ-চুড়ি-চুলের ক্লিপ। সবাইকে ফুচকাও খাওয়ালেন।
টিকাটুলী রাজধানী সুপার মার্কেট গত রোববার সাপ্তাহিক বন্ধ থাকার কথা, কিন্তু তার পরও কিছু দোকান খোলা ছিল। গতকাল প্রায় প্রতিটি দোকান খোলা ছিল। গত রোববার থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার টানা হরতালের কোনো প্রভাব নেই সেখানে।
তবে দোকানপাট খোলা থাকলেও মনে শান্তি নেই অনেক বিক্রেতারই। রাজধানী সুপার মার্কেটের বুটিক পোশাকের দোকানি আবদুল সালাম বললেন, প্রায় আড়াই মাসের অবরোধ এবং পরে শুরু হওয়া হরতালে বিক্রি-বাট্টা কমে গেছে। মানুষজন এলেও বিক্রি তুলনামূলক কম।
গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়কের নিচের টিকাটুলী-স্বামীবাগ-সায়েদাবাদ-যাত্রাবাড়ী এলাকায় গতকাল সকাল থেকে যানবাহনের ভিড় দেখা গেছে। বাস, মিনিবাস, কাভার্ড ভ্যান, এমনকি ব্যক্তিগত গাড়িও। বেলা ১১টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় রীতিমতো যানজট দেখা যায়। মিরপুর থেকে আসা শিখর পরিবহন, গাজীপুরের বলাকা এক্সপ্রেস ছাড়াও দূরপাল্লার বাস শ্যামলী, হানিফ, স্টারলাইন পরিবহনের বাস আটকে ছিল।
স্টারলাইনের ব্যবস্থাপক মো. নাসিরউদ্দিন জানান, অবরোধ ডাকার আগে (৫ জানুয়ারি) ঢাকা-ফেনী রুটে তাঁদের প্রায় এক শ বাস যাতায়াত করত। মাঝে আতঙ্কিত যাত্রীদের কারণে সংখ্যা কমে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।
যাত্রাবাড়ী চৌরাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ বললেন, সপ্তাহের প্রথম দিনে আগে যেমন যানবাহনের ভিড় হতো, গত রোববার তাই হয়েছে। আজও (সোমবার) তাই। তাঁর কথার রেশ ধরে ওই এলাকায় পুলিশের উপকমিশনার (ট্রাফিক-পূর্ব) মাইনুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সব ধরনের যানবাহন চলছে, স্বাভাবিক সময়ের মতো, এটা সবাই দেখছেন।
যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের ফুটপাতেও নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন অনেক বিক্রেতা। চশমার দোকানি খাইরুল ইসলাম বললেন, আগে ঢাকার কোথাও হরতাল না হলেও যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক এলাকায় একটি দোকানও খোলা থাকত না। কিন্তু গত এক মাসে এলাকায় যানজট আরও বেড়েছে। তাঁর দোকানের একজন বয়োজ্যেষ্ঠ ক্রেতা আহসান উল্লাহ বলেন, হরতাল হোক না হোক, আতঙ্ক বয়ে বেড়াচ্ছেন তাঁর মতো সাধারণ মানুষ। তাঁর ছেলে প্রতিদিন সকালে বাসে করে কর্মস্থল উত্তরায় যান। ছেলে ফিরে না আসা পর্যন্ত পরিবারের সবাই আতঙ্কে থাকেন।