সেই পরিতোষের জামিন বাতিল, জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমান হত্যার ঘটনায় দায়ের করা অস্ত্র মামলায় পরিতোষ কুমার বিশ্বাসের জামিন গতকাল সোমবার বাতিল হয়েছে। এরপর তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ মো. ইসরাইল হোসেন।
পরিতোষ অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানa। তিনি ওলিয়ার রহমান হত্যা ও এ হত্যায় অস্ত্র সরবরাহের মামলা ছাড়াও প্রথম আলোর অভয়নগর প্রতিনিধি মাসুদ আলমকে হত্যাচেষ্টা মামলার আসামি।
যশোরের সরকারি কৌঁসুলি (পিপি) রফিকুল ইসলাম বলেন, মোল্যা ওলিয়ার রহমান হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহের মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন পরিতোষ। ওই জামিনের নির্ধারিত মেয়াদ থাকে। পরে জামিনের মেয়াদ বাড়াতে হয়। পরিতোষের জামিনের মেয়াদ শেষ হলেও তা বাড়ানোর বিষয়ে কোনো কাগজ আদালতে দেখাতে পারেননি তিনি। এই কারণে আদালত তাঁকে গতকাল জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাঁকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।