সেই পরিবারটির বিরুদ্ধে এলাকাবাসী এককাট্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ পৌরসভার একটি পরিবারের বিরুদ্ধে পুলিশের সহযোগিতায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে গত সোমবার বিক্ষোভ সমাবেশ হয়েছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। তাঁরা সাত দিনের মধ্যে মাদক ব্যবসা বন্ধ করার সময়সীমা দিয়েছেন। অন্যথায় ওই বাড়িতে হামলা চালিয়ে সম্মিলিতভাবে পরিবারটিকে এলাকা থেকে উচ্ছেদ করার হুমকি দেওয়া হয়েছে।এলাকাবাসীর অভিযোগ, কিশোরগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের এক নারী তাঁর বাড়িটি মাদক ব্যবসার অভয়াশ্রম হিসেবে গড়ে তুলেছেন। তাঁর সঙ্গে এই ব্যবসায় জড়িত রয়েছে কয়েকজন আত্মীয়। তারা মূলত গাঁজা ও ফেনসিডিল বিক্রি করে। মাদকসেবীদের কেউ কেউ প্রকাশ্যে ওই বাড়িতেই গাঁজার আসর বসায়।স্থানীয় লোকজন জানায়, প্রতিদিন বিভিন্ন এলাকার মাদকসেবীরা ওই বাড়িতে ভিড় জমায়। তাদের অনেকে মাদকাসক্ত হয়ে বাড়ির নারীদের সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত হয়। খদ্দেরদের মনোরঞ্জনের জন্য বাইরে থেকেও মেয়েদের আনা হয়। আবদুল হামিদ ভাসানীর সভাপতিত্বে সোমবারের সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই, সাবেক সাংসদ মাসুদ হিলালী, পৌর মেয়র মাজহারুল ইসলাম ভূঁইয়া, পার্শ্ববর্তী বৌলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাদির, বৌলাই ইউপির সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন, যশোদল ইউপি চেয়ারম্যান সামছুল হুদা, স্থানীয় পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম প্রমুখ। সপ্তাহ খানেক আগে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই বাড়িতে হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়। গুরুতর আহত এক নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানতে চাইলে ওই নারী বলেন, ‘এলাকার কাউন্সিলর আরজু মিয়া এলাকা থেকে আমাদের উচ্ছেদ করতে চান। এ কারণে তিনি এসব অভিযোগ এনেছেন।’সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, এ ব্যাপারে তিনি কোনো লিখিত অভিযোগ পাননি। পুলিশ সহযোগিতা করছে—এ অভিযোগও সত্য নয়।