সেই পরিবারের আর কেউ বেঁচে রইল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় আহত হয়ে ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত গৃহবধূ জলি খাতুনও (৩২) মারা গেলেন। এতে করে ওই পরিবারের আর কেউই জীবিত রইল না।

গত ২২ জুলাই সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়ার হাটিকুমরুল গোলচত্বরের পাশে রডবোঝাই একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলে মারা যান জলি খাতুনের স্বামী রওশন হোসেন (৪৫), তাঁর দুই ছেলে সিয়াম হোসেন (৭) ও তামিম হোসেন (২)। ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন জলি খাতুন। আহত অবস্থায় তাঁকে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে এক সপ্তাহ আগে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল গোলকপুর গ্রামের রওশন হোসেনের পুরো পরিবার।

রওশন হোসেনের বড় ভাই সামছুল আলম বলেন, তাঁর ভাইয়ের পরিবারের সবাই ট্রাক দুর্ঘটনায় মারা গেলেন। কিছুদিন আগেই তাঁরা গোলকপুর গ্রামে সুন্দর একটি বাড়ি করেছেন। জমিজমাও রয়েছে তাঁদের। এখন সবই পড়ে রইল। রইল না শুধু তাঁর পরিবারের কেউ।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানি বলেন, এ ঘটনায় ট্রাকের চালক আবদুল জলিল ও তাঁর সহকারী শাকিলকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া হাটিকুমরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন...