সেই পরীক্ষার্থীদের আবেদন ফরম কলেজে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরের অধ্যাপক আবদুল মজিদ কলেজের ৮৫৭ জন এইচএসসি পরীক্ষার্থীর আবেদন ফরম ফেরত পাঠিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ গতকাল রোববার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত বুধবার কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে ৮৫৭ জন এইচএসসি পরীক্ষার্থীর আবেদন ফরম অধ্যাপক আবদুল মজিদ কলেজে ফেরত পাঠানো হয়। আর আবেদনপত্রগুলোতে অধ্যক্ষের স্বাক্ষরের জায়গায় কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আলী আজগর স্বাক্ষর করেন। নিয়মানুযায়ী অধ্যক্ষের স্বাক্ষর ছাড়া অন্য কেউ ওই আবেদন ফরমে স্বাক্ষর করার নিয়ম নেই। কিন্তু ওই শিক্ষক কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা ও চারবারের পরাজিত সংসদ সদস্য প্রার্থীর অনুমতি নিয়ে আবেদনপত্রে স্বাক্ষর করেছেন। ফেরত যাওয়া আবেদনপত্রগুলোতে গত শনিবার কলেজের অধ্যক্ষ আবদুল মজিদ পুনরায় স্বাক্ষর করেন। আজ সোমবার ওই আবেদনপত্রগুলো কুমিল্লা শিক্ষা বোর্ডে পুনরায় পাঠানো হবে।কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ গতকাল বলেন, ‘কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার আমাকে ফোন করে সহকারী অধ্যাপকের স্বাক্ষর করা ফরমগুলো জমা নেওয়ার জন্য অনুরোধ করেন। আমি ওনাকে বলেছি, একজন অধ্যক্ষ কলেজে থাকাবস্থায় আরেকজন সহকারী অধ্যাপক কোনো অবস্থাতেই এইচএসসির আবেদন ফরমে স্বাক্ষর করতে পারেন না। এরপর আমরা কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করি। অধ্যক্ষ ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেন। এরপর আমরা আবেদন ফরমগুলো কলেজে ফিরিয়ে দিই।’কলেজের অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, ‘গত শনিবার কলেজে গিয়ে আমি এইচএসসির আবেদন ফরমগুলোতে স্বাক্ষর করেছি। সহকারী অধ্যাপক আলী আজগরের বিরুদ্ধে কুমিল্লা শিক্ষা বোর্ড ও কুমিল্লা জেলা প্রশাসকের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত আবেদন করা হয়েছে।’১৫ জানুয়ারি প্রথম আলোর ১৯ নম্বর পৃষ্ঠায় ‘মুরাদনগরে অধ্যক্ষকে পাশ কাটিয়ে সহকারী অধ্যাপকের আবেদনপত্রে সই’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।