যশোর জেলা জজ আদালতের পুরোনো ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে সেখানকার এজলাস দুটি সরিয়ে নেওয়া হয়েছে। কাল রোববার থেকে জেলা ও দায়রা জজ আদালতের এজলাস বসবে নতুন জজ আদালত ভবনের দ্বিতীয় তলায়। সেখানে থাকা অতিরিক্ত জেলা জজের প্রথম আদালত সরিয়ে নেওয়া হয়েছে তৃতীয় তলায়।পুরোনো ভবনের যুগ্ম জেলা ও দায়রা জজের প্রথম আদালতের এজলাস সরিয়ে নেওয়া হয়েছে নতুন ভবনের তৃতীয় তলার যুগ্ম জেলা জজের দ্বিতীয় আদালতে। দ্বিতীয় আদালতের বিচারকের পদটি বর্তমানে শূন্য রয়েছে।এ ছাড়া পুরোনো ভবনের ভার্নাকুলার শাখা স্থানান্তর করা হয়েছে সহকারী জজ আদালতের (কেশবপুর) সেরেস্তায়। নাজিরখানার কার্যক্রম চালানো হবে পার্শ্ববর্তী একতলাবিশিষ্ট নেজারত ভবনে।গত বৃহস্পতিবার বিকেলে জেলা ও দায়রা জজ মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা জজের খাসকামরায় এ বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা জজ চাঁদ মো. আবদুল আলিম আল গাজী, মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর) এ জেড এম ফিরোজ, জ্যেষ্ঠ আইনজীবী কাজী তৌহিদুর রহমান প্রমুখ।বৃহস্পতিবার ‘এজলাসে ছাতা মাথায় বিচারকাজ!’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিন সকালে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জি এম কামাল পাশা ও যশোরের নির্বাহী প্রকৌশলী গোলাম সরোয়ার বিশ্বাসের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রকোশলী দল সরেজমিন পরিদর্শন করে। পরিদর্শন শেষে তারা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। নিরাপত্তার স্বার্থে ভবনটি ব্যবহার না করার অনুরোধ জানিয়ে নির্বাহী প্রকৌশলী গোলাম সরোয়ার বিশ্বাস জেলা জজের কাছে একটি চিঠি পাঠান। ওই চিঠি হাতে পাওয়ার পরই জরুরি ভিত্তিতে বৈঠক হয়। এ ব্যাপারে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম সরোয়ার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘বর্ষার পানিতে ভিজে ছাদ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। যেকোনো মুহূর্তে ছাদ ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর আগে ২০০৯ সালে পরিদর্শন করে ভবনটি ব্যবহার না করার জন্য আদালত কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়। তার পরও তাঁরা ওই ভবনে এজলাস বসিয়ে কার্যক্রম চালিয়ে গেছেন।’এ ব্যাপারে জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আবদুল মোতালেব প্রথম আলোকে বলেন, আদালতে জায়গাসংকটের কারণে গত বছর ত্রিপল দিয়ে ভবনের ছাদ ঢেকে বর্ষার পানি রোধ করে কাজ চালিয়ে নেওয়া হয়েছে। তখন ততটা সমস্যা হয়নি। কিন্তু এবার ভারী বৃষ্টির কারণে পানি আর রোধ করা যায়নি।গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম সরোয়ার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ঐতিহ্যবাহী ওই ভবনের ছাদ প্রতিস্থাপনের প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। পুরোনো স্থাপত্যের আদল ঠিক রেখে কীভাবে ছাদ প্রতিস্থাপন করা যায়, সে বিষয়ে পরামর্শ চেয়ে বৃহস্পতিবারই ঢাকার ডিজাইন বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে টেলিফোনে আলাপ করা হয়েছে। এ বিষয়ে স্থাপত্য অধিদপ্তর কর্তৃপক্ষের কাছেও শিগগিরই চিঠি পাঠানো হবে বলে তিনি জানান।