সেই পুলিশ কর্মকর্তা রিমান্ডে, উদ্ধার হয়নি চারটি সোনার বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সোনার বার ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া পুলিশ কর্মকর্তাসহ আটজনকে দুই দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. মশিউর রহমান চৌধুরী গতকাল সোমবার বিকেলে এ আদেশ দেন।
গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম রেলস্টেশন থেকে হাজারী লেইন এলাকার ব্যবসায়ী নারায়ণ কর্মকার ও দোকান কর্মচারী সজল চৌধুরীর কাছ থেকে ২৮টি সোনার বার ছিনিয়ে নেন নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) এ কে এম আবুল হোসেনসহ আট থেকে দশজন। পরে ব্যবসায়ীর পক্ষ থেকে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে নগরের খুলশীর কুসুমবাগ আবাসিক এলাকায় আবুল হোসেনের বাসা থেকে ২৩টি সোনার বার ও তার সহযোগী তারেক হায়দারের নগরের আলকরণের বাসার শৌচাগারের ছাদ থেকে একটি বার উদ্ধার করে পুলিশ।
এদিকে চারটি সোনার বার পাঁচ দিনেও উদ্ধার হয়নি। গ্রেপ্তার করা যায়নি মামলার আরও দুই আসামি আবদুর রহিম ও কৃষ্ণ কর্মকারকে।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে জানান, ডাকাতির মামলার আসামি সাবেক পুলিশ কর্মকর্তা এ কে এম আবুল হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তারেক হায়দার, আলমগীর হোসেন, মো. কবির, জসিম উদ্দিন ও বাপ্পী আহমেদকেও দুই দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। আর চোরাচালানের মামলায় ব্যবসায়ী নারায়ণ কর্মকার ও সজল চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল দুপুরে আদালত প্রাঙ্গণে বরখাস্ত হওয়া পুলিশ এ কে এম আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি ২৩টি বার ফেরত দিয়েছি। বাকিগুলো পলাতক আবদুর রহিমের কাছে রয়েছে।’
এ ঘটনায় শনিবার রাতে এসআই আবুল হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজনকে আসামি করে নগরের কোতোয়ালি থানায় ডাকাতির মামলা করেন নারায়ণ কর্মকার। তবে লুট হওয়া সোনার বারের কোনো বৈধ কাগজপত্র পুলিশকে দেখাতে না পারায় ব্যবসায়ী নারায়ণ কর্মকার, তাঁর ভাই কৃষ্ণ কর্মকার, দোকান কর্মচারী সজল চৌধুরীকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে মামলা করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান।
দুই মামলায় গ্রেপ্তার হওয়া আটজনকে জিজ্ঞাসাবাদ করতে গত রোববার আদালতে ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালতে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে সোমবার শুনানির দিন ধার্য রাখেন।