সেই পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
চোরাই মোটরসাইকেল কেনার অপরাধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাবেদ আলীকে গত রোববার রাতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাবেদের বাড়ি পঞ্চগড় সদরের পানিমাছপুকুরী মাহানপাড়া গ্রামে।
গতকাল সোমবার প্রথম আলোয় ‘চোরাই মোটরসাইকেল কিনে বিপাকে পুলিশ কর্মকর্তা’ শিরোনামে একটি প্রতিবেশন প্রকাশিত হয়।
নীলফামারী থানা-পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নীলফামারী শাখার কর্মকর্তা তরিকুল ইসলামের শহরের কলেজপাড়ার বাড়ি থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় গত শনিবার থানায় অভিযোগ করেন তরিকুল। গত রোববার দুপুরে জাবেদ আলী ওই চোরাই মোটরসাইকেল চালিয়ে নীলফামারী শহরের ওপর দিয়ে যাওয়ার সময় তরিকুল ও এলাকার লোকজন তাঁকে আটক করে সদর থানা-পুলিশে সোপর্দ করেন।
এদিকে রোববার রাতে জাবেদ আলীকে নিয়ে চুরি যাওয়া অপর মোটরসাইকেলটি উদ্ধার ও চুরির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এ সময় পঞ্চগড় সদরের খুনিয়াপাড়া গ্রাম থেকে লাবলুকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা বলেন, গাইবান্ধার পুলিশ সুপার গত রোববার রাতেই এএসআই জাবেদ আলীকে সাময়িক বরখাস্ত করেছেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে। গতকাল সোমবার বিকেলে জাবেদকে গাইবান্ধা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।