সেই পোস্টমাস্টারকে পাওয়া গেল হাসপাতালে
বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে নিখোঁজ হওয়া ফরিদপুরের সহকারী পোস্ট মাস্টার সুরেশ চন্দ্র মণ্ডলকে (৫৬) রাজবাড়ী সদর হাসপাতালে পাওয়া গেছে। রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ওই হাসপাতাল থেকে মুঠোফোনে তাঁর পরিবারের সদস্যদের এ খবর জানানো হয়।
হাসপাতাল থেকে আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে সুরেশ চন্দ্র মণ্ডলকে তার পরিবারের সদস্যরা মাদারীপুরের কালকিনি উপজেলার কানুর গাঁ গ্রামে নিজ বাড়িতে নিয়ে গেছে।
সুরেশ মণ্ডলের বড় ছেলে মিঠুন মণ্ডল প্রথম আলোকে জানান, শনিবার বিকেলে কালকিনি থেকে ফরিদপুরে আসার পথে বরিশাল থেকে রাজবাড়ীগামী একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মুঠোফোন ও নগদ সাড়ে তিন হাজার টাকা হারান তাঁর বাবা। এখনো পুরোপুরি সুস্থ নন তিনি। তবে যতটুকু জানা গেছে, অজ্ঞান পার্টির সদস্যরা তাঁকে জোর করে বিস্কুট খাওয়ানোর পর তিনি চেতনা হারিয়ে ফেলেন।
সুরেশ চন্দ্র মণ্ডল ফরিদপুরের প্রধান ডাকঘরে সহকারী পোস্টমাস্টার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার কানুর গাঁ গ্রামের মৃত ফকির চাঁন মণ্ডলের ছেলে।