সেই প্রকৌশলীকে বদলির পর মাটি ভরাটে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপূর্ত অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলীকে বদলির পর এবার নতুন জটিলতায় পড়েছে সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অগ্রাধিকার প্রকল্প শহরতলির বাদাঘাটে নতুন কেন্দ্রীয় কারাগার নির্মাণকাজ।
মাটি ভরাটে নিয়োজিত প্রতিষ্ঠানকে প্রকল্প চলাকালীন পাশের চেঙ্গেরখালের চর থেকে মাটি উত্তোলন করার নির্দেশনা দেয় ভূমি মন্ত্রণালয়। ওই নির্দেশনা থাকার পরও উপজেলা প্রশাসন একটি অভিযোগ তদন্তের কথা বলে বন্ধ করে দিয়েছে মাটি ভরাটকাজ। এর আগে কারাগার নির্মাণ প্রকল্পের তদারকের দায়িত্বে থাকা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী এ কে এম জিল্লুর রহমানকে দেড় মাসের মাথায় চার দফা বদলি ও বদলি স্থগিতসংক্রান্ত আদেশ দেওয়া হয়। সর্বশেষ গত ২৪ জানুয়ারি বদলির আদেশ কার্যকর করা হয়। এ নিয়ে ২৩ জানুয়ারি প্রথম আলোয় ‘বদলির “ঘূর্ণিপাকে” এক প্রকৌশলী’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
প্রকল্প-সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রকৌশলী এ কে এম জিল্লুরের বদলির পর প্রভাবশালী ঠিকাদারদের পক্ষে আওয়ামী লীগের নেতাদের একটি পক্ষ মাটি ভরাটকাজ নিয়ে এলাকাবাসীর নামে একটি অভিযোগ সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দেয়। এর ভিত্তিতে ৩ ফেব্রুয়ারি থেকে প্রকল্প এলাকায় মাটি ভরাটকাজ বন্ধ করে দেয় জেলা প্রশাসনের রাজস্ব শাখা।
গণপূর্ত অধিদপ্তরের সিলেট কার্যালয় সূত্র জানায়, সিলেট নগর থেকে কারাগার স্থানান্তর করতে ১৯৭ কোটি টাকা ব্যয়ে শহরতলির বাদাঘাট এলাকায় ৩০ একর জায়গায় কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১২ সালের জুলাইয়ে কাজ শুরু হয়। এলাকাটি নিচু হওয়ায় পাশের সুরমা নদীর শাখা চেঙ্গেরখালের একটি চর থেকে মাটি উত্তোলন করে ওই এলাকা ভরাট করতে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লি.’-এর সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের একটি চুক্তি হয়। প্রকল্প এলাকায় গত সাড়ে তিন বছরে প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ এস এম ফেরদৌস বলেন, সরেজমিনে তদন্ত করেছে উপজেলা প্রশাসন। তদন্তের তথ্য অনুযায়ী, সাত লাখ ঘনফুট মাটি চেঙ্গেরখালের চর থেকে উত্তোলন করে প্রকল্প এলাকায় ফেলা হয়েছে। কিছু মাটি বাইরে ফেলার অভিযোগ ওঠায় সুষ্ঠু তদন্তের স্বার্থেই মাটি ভরাটকাজ বন্ধ রাখা হয়েছে।
সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন প্রকল্প নির্বাহী বলেন, ‘অভিযোগ কী, কারা করেছে—এ সবই প্রভাবশালী ব্যক্তিদের চাপে প্রশাসন সব সময় গোপন রেখেছে। আমাদের কখনো বলা হয়েছে, চেঙ্গেরখালের চর থেকে অবৈধভাবে মাটি তোলা হচ্ছে। আবার পরে বলা হয়েছে, পরিবেশের ক্ষতি হচ্ছে। মাটি উত্তোলনে মন্ত্রণালয়ের চুক্তি ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকার বিষয়টি অবহিত করার পর এখন বলা হচ্ছে, প্রকল্পের মাটি বাইরে ফেলা হচ্ছে। এ সবই আসলে প্রকল্পকাজ দীর্ঘসূত্রতার মধ্যে ফেলার কৌশল বলে আমরা মনে করছি।’
এদিকে মাটি ভরাটকাজ বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে বিষয়টি ‘প্রশাসনিক’ বলে এড়িয়ে যান গত ২৫ জানুয়ারি সিলেটে যোগ দেওয়া গণপূর্তের নতুন নির্বাহী প্রকৌশলী শেখ মিজানুর রহমান।