সেই প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অবৈধ উপায়ে উপার্জিত টাকা আমি সরকারি কোষাগারে জমা দিয়ে দেব...!’ ২০০৭ সালের ১৩ মার্চ যৌথ বাহিনীর হাতে আটক হওয়ার পর সিলেট সিটি করপোরেশনের তৎকালীন প্রধান প্রকৌশলী সাইফুল ইসলাম এ মন্তব্য করেছিলেন। তাঁর এ মন্তব্য গণমাধ্যমে প্রকাশ পেলে দেশজুড়ে আলোচিত হয়। সেই ‘আত্মস্বীকৃত দুর্নীতিবাজ’ প্রকৌশলীর বিরুদ্ধে সম্পদ গোপন করার মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) গতকাল বুধবার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে।মামলার তদন্ত কর্মকর্তা দুদক সিলেটের উপপরিচালক খন্দকার এনামুল বাছির গতকাল সিলেট কোতোয়ালি থানায় অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে প্রকৌশলী সাইফুল ছাড়াও তাঁর স্ত্রী রোজিনা সুলতানাকে অভিযুক্ত করা হয়েছে।অভিযোগপত্রে বলা হয়, সাইফুল আটক হওয়ার পর তাঁর সম্পদ বিবরণী জানতে চেয়ে দুদকের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়। ২০০৭ সালের ২৭ জুন সাইফুল তাঁর সম্পদ বিবরণী দুদকে দাখিল করেন। এতে তাঁর সম্পদ ১১ কোটি ৫৯ লাখ ৩৯ হাজার ৫৪০ টাকার বলে উল্লেখ করা হয়। দুদক তদন্ত করে এ হিসাবে গরমিল পেলে সাইফুল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়।তদন্তের বরাত দিয়ে অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সাইফুল ইসলাম ও তাঁর স্ত্রী ঢাকার বসুন্ধরায় ১০টি প্লট, রাজধানীর অভিজাত এলাকায় দুটি ফ্ল্যাট, সিরাজগঞ্জে পেট্রলপাম্প, গাড়ি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিপুল অঙ্কের টাকা জমা, হাতে নগদ টাকার সঞ্চয়সহ ১৭ কোটি ৭০ লাখ ৫৬ হাজার ৬০১ টাকার সম্পদের মালিক হয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদক সিলেটের উপপরিচালক খন্দকার এনামুল বাছির প্রথম আলোকে বলেন, সাইফুল ইসলাম সততা ও জবাবদিহি (ট্রুথ) কমিশনে নিজেকে দুর্নীতিবাজ বলে অভিহিত করে অবৈধ উপায়ে অর্জিত সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার অঙ্গীকার করেন। কিন্তু দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে পাঁচ কোটি টাকার বেশি সম্পদ গোপন করার বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁকে ও তাঁর স্ত্রীকে অভিযুক্ত করে মামলা হয়েছে। বর্তমানে তাঁরা জামিনে রয়েছেন। সিরাজগঞ্জের বাসিন্দা সাইফুল ইসলাম ১৯৯০ সালের ১২ জানুয়ারি জামালপুর পৌরসভায় সহকারী প্রকৌশলী পদে যোগদান করে কর্মজীবন শুরু করেন। ২০০২ সালে তিনি সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী পদে যোগদান করেন। যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় এক আদেশে সাইফুলকে চাকরি থেকে বরখাস্ত করে।