সেই প্রধান শিক্ষিকাকে অবশেষে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক শাহীনা বেগমকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে অবশেষে বদলি করা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে এখনো কোনো বিভাগীয় মামলা রুজু করা হয়নি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুরের বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক খোরসেদুল আলম চৌধুরীর স্বাক্ষরিত পত্রে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে প্রশাসনিক কারণে লোহানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক শাহীনা বেগমকে উপজেলার কুতুবপুর খিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হলো। ১ আগস্টের (আজ সোমবার) মধ্যে তাঁকে ওই বিদ্যালয়ে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে।
ওই প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির চারজন সদস্য গত বছরের ৬ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে প্রধান শিক্ষক শাহীনা বেগমের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, তিনি নিজে ক্লাস না নিয়ে ভাড়াটে শিক্ষককে দিয়ে ক্লাস নেন। তিনি শিক্ষার্থী-অভিভাবক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, সরকারি বিনা মূল্যের বই বিতরণে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা করে আদায়, বিদ্যালয়ের পরিত্যক্ত জানালা ও বেঞ্চের লোহা বিক্রি এবং বিদ্যালয়ের ফ্যান খুলে নিজ বাড়িতে ব্যবহার করেন।
উপজেলা প্রাথমিক কার্যালয় জানায়, গত বছরের ২৪ সেপ্টেম্বর প্রথম আলোর বিশাল বাংলায় ‘তাঁরা খোশগল্প করেন, ক্লাস নেন ভাড়াটে শিক্ষকেরা’ শিরোনামে প্রকাশিত সংবাদ ও ওই প্রধান শিক্ষক শাহীনার বিরুদ্ধে একাধিক অভিভাবক স্বাক্ষরিত অভিযোগের সূত্র ধরে তৎকালীন ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদের নির্দেশে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে তিন সদস্যের কমিটি তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। ওই বছরের ৭ অক্টোবর ওই কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ তাঁর বিরুদ্ধে প্রশাসনিক বদলিসহ বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি দেন। এ ছাড়া ওই বছরের ১৩ অক্টোবর শাহীনা বেগমের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নিতে ইউএনও রংপুরের জেলা প্রশাসককে পত্র দেন। কিন্তু তিনি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলেকজান্ডার মণ্ডলের স্বাক্ষর জাল করে পত্রিকায় প্রকাশিত সংবাদটির ব্যাপারে পুনরায় তদন্তের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিত আবেদন করেন। পরেদ; জেলা শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান গত বছরের ১০ নভেম্বর আবেদনটির বিষয়ে পুনরায় তদন্ত করতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ ওই আবেদনের বিষয়ে তদন্তে গিয়ে জানতে পারেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলেকজান্ডার মণ্ডলের স্বাক্ষরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবর করা লিখিত আবেদনটি ছিল ভুয়া।