সেই প্রভাষক ও জন্ম নেওয়া শিশুর ডিএনএ পরীক্ষার নির্দেশ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাপাইকাপ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক আবদুল জলিল (৫৫) ও জন্ম নেওয়া শিশুর ডিএনএ পরীক্ষার (টেস্ট) নির্দেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১-এর বিচারক মো. শফিকুল করিম গত ২৩ মে এ নির্দেশ দেন।উল্লেখ্য, ২০১০ সালের ৫ আগস্ট জলিল ওই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে (১১) ধর্ষণ করেন বলে অভিযোগ করে ওই ছাত্রীর পরিবার। এ ঘটনায় ওই ধর্ষিতার (ছাত্রী) বাবা ২০১১ সালের ১৯ জানুয়ারি আদালতে মামলা করেন। পরে ২০১১ সালের মে মাসে ওই মেয়েটি একটি কন্যাসন্তান প্রসব করে।আদালত সূত্রে জানা গেছে, ওই ছাত্রীকে ধর্ষণ ও পরে তার কন্যাসন্তান প্রসব-সংক্রান্ত মামলায় জলিলের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য গ্রহণ চলছে। গত ২৩ মে বিচারক শফিকুল করিম ডিএনএ পরীক্ষার ওই নির্দেশ দেন। তবে জলিলকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেরাকালীন তিনি ধর্ষণের কথা অস্বীকার করেছেন।আদালত সূত্র আরও জানায়, বিচারক শফিকুল করিম এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপার ও সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ২৬ জুন আদালতে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।এ প্রসঙ্গে জেলা জজ আদালতের পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী হাবিবুল ইসলাম তালুকদার বলেন, মেয়েটির বাবা দরিদ্র। এলাকার প্রভাবশালীদের হুমকিতে মামলার সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে ভয় পাচ্ছে। জলিলও ধর্ষণের কথা অস্বীকার করছে। এ কারণে ধর্ষণের অভিযোগ প্রমাণ ও ন্যায়বিচারের স্বার্থে আসামি ও জন্ম নেওয়া শিশুটির ডিএনএ পরীক্ষা নির্দেশ দিয়েছেন আদালত। ওই ধর্ষিতার পরিবার সূত্রে জানা গেছে, গত ২৩ মে হাবিবুল ইসলাম তালুকদার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ বিচারাধীন ধর্ষণ ও ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর পিতৃত্ব নির্ণয়ের জন্য ডিএনএ পরীক্ষার আবেদন করেন। পরে ওই দিনই আদালত এ রায় দেন। হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ২৪ জুন জলিল ও জন্ম নেওয়া শিশুর ডিএনএ পরীক্ষা হতে পারে।