সেই প্রভাষকের অভিসন্দর্ভ তদন্ত করতে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের রাষ্ট্র-বিজ্ঞান বিভাগের প্রভাষক নূর উদ্দিনের পিএইচডি অভিসন্দর্ভ (থিসিস) তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) নাসরিন আহমাদকে প্রধান করে চার সদস্যের ওই কমিটি করা হয়েছে।গতকাল রোববার প্রথম আলোয় ‘এক শিক্ষক নিয়েছেন ১৩ লাখ মানুষের সাক্ষাৎকার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গতকাল প্রথম আলোকে জানান, শিক্ষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি তাঁর থিসিসটি খতিয়ে দেখবে। তিন বছরের কম সময়ে এ পিএইচডি গবেষণা শেষ করেছেন নূর উদ্দিন। জমা দেওয়া থিসিসে তিনি ১২ লাখ ৭৫ হাজার ৪৭ জনের সাক্ষাৎকার নিয়েছেন বলে দাবি করেন। এ হিসাবে প্রতিদিন তাঁকে এক হাজার ১৬৪ ব্যক্তির সাক্ষাৎকার নিতে হয়েছে। সম্প্রতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পাঁচ শিক্ষক থিসিসটি বানোয়াট ও উদ্ভট উল্লেখ করে তা পুনর্মূল্যায়নের জন্য উপাচার্যের কাছে লিখিত আবেদন জানান। ২০০৮ সালের জুন মাসে নূর উদ্দিন ‘দ্য প্র্যাকটিসেস অব মার্ক্সইজম অ্যান্ড দেয়ার ইমপেক্ট অন মডার্ন ওয়ার্ল্ড: দ্য কেইস অব অবজেকটিভাইজেশন’ শীর্ষক পিএইচডি গবেষণা শুরু করেন। ২০১১ সালের মে মাসে তিনি থিসিস জমা দেন। ওই বছরের ১০ আগস্ট বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়।