সেই প্রভাষকের পিএইচডি বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা ও মনগড়া তথ্য দিয়ে গবেষণাপত্র জমা দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নূর উদ্দিনের পিএইচডি ডিগ্রি প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার রাতে সিন্ডিকেট সভায় এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানতে চাইলে সিন্ডিকেট সভার সভাপতি ও উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘মিথ্য ও ভুল তথ্য দিয়ে গবেষণাপত্র জমা দেওয়া নূর উদ্দিনের পিএইচডি ডিগ্রি প্রত্যাহার করা হয়েছে। তবে তদন্ত কমিটির পক্ষ থেকে কোনো সুপারিশ না থাকায় তাঁর তত্ত্বাবধায়ক ও অভিসন্দর্ভ মূল্যায়ন কমিটির কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নাসরিন আহমাদ বলেন, নূর উদ্দিন যেভাবে গবেষণা করেছেন, তা বাস্তবে সম্ভব নয়। গবেষণাজুড়েই তাঁর মনগড়া কথা রয়েছে, যা খুবই হাস্যকর। প্রায় ১৩ লাখের মতো মানুষের সাক্ষাৎকার নিয়েছেন বলে দাবি করেছেন তিনি। কিন্তু সেই সাক্ষাৎকার প্রক্রিয়ার পক্ষে তিনি তদন্ত কমিটির কাছে কোনো যুক্তি বা প্রমাণ উপস্থাপন করতে পারেননি।
‘একজন শিক্ষক নিয়েছেন ১৩ লাখ মানুষের সাক্ষাৎকার!’ শীর্ষক একটি প্রতিবেদন ২০১২ সালের ১৭ জুন প্রথম আলোয় প্রকাশিত হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সূত্রে জানা যায়, ২০১১ সালের মে মাসে নূর উদ্দিন তাঁর অভিসন্দর্ভ জমা দেন। ওই বছরের ১০ আগস্ট বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাঁকে পিএইচডি ডিগ্রি দেয়।
অভিসন্দর্ভে নূর উদ্দিন দাবি করেছেন, তিনি গবেষণা করতে গিয়ে বিশ্বের ৮০টি দেশের ১২ লাখ ৭৫ হাজার ৪৭ জনের সাক্ষাৎকার নিয়েছেন। সাক্ষাৎকারটি তিনি নিয়েছেন ইয়াহু ও হটমেইলের মাধ্যমে। তাঁকে সাক্ষাৎকারদাতাদের মধ্যে আছেন বাংলাদেশে নিযুক্ত ২০টি দেশের রাষ্ট্রদূত বা হাইকমিশনার। এই পিএইচডি অভিসন্দর্ভের তত্ত্বাবধায়ক ছিলেন একই বিভাগের অধ্যাপক শওকত আরা হোসেন।