সেই প্রাচীন মুদ্রা আদালতে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাউদখালী গ্রামের একটি বাড়িতে মাটি খননকালে পাওয়া প্রাচীন ছয়টি ধাতব মুদ্রা আদালতে হস্তান্তর করেছে পুলিশ। গত সোমবার দুপুরে পিরোজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাইফুজ্জামানের আদালতে মুদ্রাগুলো হস্তান্তর করা হয়।
ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজামুল হক প্রথম আলোকে বলেন, দস্তা ও রুপা মিশ্রিত মুদ্রাগুলোর উভয় পিঠে ফরাসি ভাষায় লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো মোগল বা সুলতানি আমলের। আদালত মুদ্রাগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনার আঞ্চলিক কার্যালয়ে পাঠাবেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩ মে বিকেলে সাউদখালী গ্রামের হুমায়ুন খানের পুরোনো ঘর ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য মাটি খনন চলছিল। এ সময় শ্রমিকেরা ঢাকনাযুক্ত একটি মাটির পাত্র দেখতে পান। রমিজ উদ্দিন নামের এক শ্রমিক পাত্রটি খুলে এর ভেতর মুদ্রা দেখতে পান। তিনি মুদ্রাগুলো বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ রমিজের বাড়ি থেকে পাঁচটি ও উপজেলা যুবলীগের সভাপতি আবদুর রাজ্জাকের কাছ থেকে একটি মুদ্রা উদ্ধার করে।
এ নিয়ে গত ৫ মে প্রথম আলোয় ‘প্রাচীন মুদ্রা উদ্ধার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।