সেই প্রার্থীকেই নিয়োগ!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে আবু সাইফ মোহাম্মদ তৌহিদুল আলমকে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একাধিক নিয়োগ প্রার্থীর অভিযোগ, অধিকতর যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে আবু সাইফকে নিয়োগের জন্য বোর্ড সুপারিশ করেছে।
গত রোববার সন্ধ্যায় সিন্ডিকেট সভায় আবু সাইফকে নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
গত মঙ্গলবার বিভাগে অস্থায়ী পদে একজন প্রভাষক নিয়োগের জন্য বোর্ড বসে। এতে ১৪ জন প্রার্থী বোর্ডের মুখোমুখি হন। একাধিক প্রার্থী বলেন, আবু সাইফের স্নাতকোত্তর সিজিপিএ ৩.৫৪ ও স্নাতকোত্তরে নন-থিসিস গ্রুপে সিজিপিএ ৩.৮০। তাঁর পাশাপাশি স্নাতকে ৩.৬৮, ৩.৮১, ৩.৭০, ৩.৭১ ও স্নাতকোত্তরে যথাক্রমে ৩.৯৩, ৩.৮৭, ৩.৮০, ৩.৭০ সিজিপিএ পাওয়া আবেদনকারীরাও ছিলেন। এ বিষয়ে গতকাল সোমবার প্রথম আলোয় ‘৭.৩৪ পেয়ে নির্বাচিত, ৭.৬৮ পেয়েও বাদ’ শিরোনামে সংবাদ ছাপা হয়।