সেই প্রিসাইডিং কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতি
দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনে হাড়োখালি দত্তকোনা সরকারি বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল হামিদের নাম চূড়ান্ত অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা রবিউল ইসলাম মামলার সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দিয়ে ওই নাম বাদ দেন।
আবদুল হামিদ মনিরামপুর উপজেলার ভরতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ৫ জানুয়ারির নির্বাচনের সময় তিনি হাড়োখালি দত্তকোনা সরকারি বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁকে ধন্যবাদপত্র দেন। অথচ ওই দিন হাড়োখালি দত্তকোনা সরকারি বিদ্যালয় থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে খামারবাড়ি খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার ঘটনায় তাঁকে (আবদুল হামিদ) আসামি করে অভিযোগপত্র দেন মনিরামপুর থানার তৎকালীন এসআই রবিউল ইসলাম। বর্তমানে তিনি অভয়নগর থানায় কর্মরত।
এ নিয়ে ১২ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘ইউএনও দিলেন ধন্যবাদপত্র, এসআই করলেন আসামি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এসআই রবিউল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশে সম্পূরক চার্জশিট দিয়ে প্রিসাইডিং অফিসার আবদুল হামিদের নাম মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।’