সেই ফার্মাসিস্টকে চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল চিকিত্সায় রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট রেজাউল হককে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।গত সোমবার বিকেলে সিভিল সার্জন আবদুর রশিদ মোল্লা স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেওয়া হয়। আদেশে ফার্মাসিস্ট রেজাউল হককে তিন দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। তবে, রেজাউল গতকাল পর্যন্ত নতুন কর্মস্থলে যোগ দেননি বলে জানা গেছে।অন্যদিকে, রোগীর মৃত্যুর ঘটনাটি তদন্তে সিভিল সার্জনের কার্যালয় থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামছুল করিম। কমিটিকে ১০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।গত রোববার রাতে সুবর্ণচর উপজেলার চরজুবলী গ্রামের সায়েফ উল্লাহ নামের (৪৫) এক ব্যক্তি পায়ের ফোড়ার চিকিত্সার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট মো. রেজাউল হক তাঁকে কর্তব্যরত চিকিত্সকের কাছে না নিয়ে নিজেই অস্ত্রোপচার করেন এবং একটি ইনজেকশন দেন। ইনজেকশনটি দেওয়ার সঙ্গে সঙ্গে সায়েফ উল্লাহ বমি করতে থাকেন এবং মুহূর্তের মধ্যেই নিস্তেজ হয়ে পড়েন। এ সময় রেজাউল উন্নত চিকিত্সার জন্য অ্যাম্বুলেন্সে তুলে কিছু দূর যাওয়ার পর রোগী মারা গেছে জানিয়ে তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ ঘটনায় নিহত সায়েফের স্ত্রী রহিমা খাতুন ভুল চিকিত্সায় তাঁর স্বামীর মৃত্যুর অভিযোগ করে মৃত্যুর সঠিক কারণ চিহ্নিত করার আবেদন করে থানায় অপমৃত্যুর মামলা করেন।