সেই ফাহাদুল আবার গুলি করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা মরহুম রফিকুল আনোয়ারের ভাতিজা ফাহাদুল আনোয়ারের বিরুদ্ধে গতকাল সোমবার আবার হত্যাচেষ্টার অভিযোগে হাটহাজারী থানায় মামলা হয়েছে। প্রবাসী ব্যবসায়ী ও শিল্পপতি নুরুন্নবী রৌশনের গাড়ি লক্ষ্য করে রোববার দিবাগত রাত সোয়া একটায় গুলি ছোড়ার অভিযোগে মামলাটি হয়।
পুলিশ ফাহাদুল আনোয়ারের ব্যবহৃত ব্যক্তিগত গাড়িটি (নম্বর চট্টমেট্রো-গ-১১-৭৩৮১) গতকাল হাটহাজারীর দেওয়াননগর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। গাড়ির বসার আসনে ১৩টি ইয়াবা বড়িও পাওয়া গেছে। রোববার রাতের ঘটনায় গতকাল ফাহাদুলের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা হয়েছে।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজামউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ব্যবসায়ী রৌশন সাহেব ফটিকছড়ির একটি সামাজিক অনুষ্ঠান থেকে রোববার রাত একটার দিকে শহরে ফিরছিলেন। হাটহাজারীর চৌধুরীহাট ও ফতেয়াবাদের মাঝামাঝি এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে ফাহাদুল দুটি গুলি ছোড়ে।’
নুরুন্নবী রৌশন প্রথম আলোকে বলেন, ‘ফটিকছড়ি থেকে চট্টগ্রাম শহরে ফেরার সময় ফাহাদুল আমার গাড়ির পিছু নেয়। হাটহাজারী এলাকায় সে আমার গাড়ি লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। চালকের দক্ষতার কারণে গাড়ির গতি বাড়িয়ে আমরা দ্রুত শহরে পৌঁছে যাই। এর আগেও সে আমাকে গুলি করতে উদ্যত হয়েছিল।’
ফাহাদুল আনোয়ারের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ৩ আগস্ট ‘যখন-তখন গুলি করাই যাঁর কাজ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়।