চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পুলিশের হাতে মাইক্রোবাসসহ আটক ৯৮০ বোতল ফেনসিডিল ধ্বংস না করে বাইরে পাচারের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার গত সপ্তাহে বিষয়টির তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে।ইতিমধ্যে ফেনসিডিল ধ্বংসের কথিত সময়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শাহীন কামাল, মালখানার কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা, দুই দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম আবছার ও মো. নাছির, তিন সেন্ট্রি ও কনস্টেবল মিরাজ, কালাম ও প্রদীপ এবং ক্যামেরাম্যান নির্মলের জবানবন্দি নিয়েছে তদন্ত কমিটি।তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, জবানবন্দি দেওয়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা স্বীকার করেন, দায়িত্ব পালনের সময় ফেনসিডিল ধ্বংস করতে তাঁরা দেখেননি। কমিটির কাছে বিষয়টি স্বীকার করে তাঁরা লিখিত জবানবন্দিও দিয়েছেন।পুলিশের উপকমিশনার বনজ কুমার বলেন, আরও কয়েকজনের বক্তব্য নেওয়ার পর এ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কে দোষী, কে নির্দোষ বলা সম্ভব নয়।গত ১৬ মার্চ নগরের ওয়াসা মোড় থেকে কোতোয়ালি থানার পুলিশ এক যুবকসহ মাইক্রোবাস-ভর্তি ৯৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় মামলা হলে আদালতে নমুনা হিসেবে ১০ বোতল ফেনসিডিল সংরক্ষণ করে বাকি ৯৮০ বোতল ধ্বংসের নির্দেশনা দেন। সেই সঙ্গে এগুলো ধ্বংসের সময় নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনারকে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়। পরে গত ২০ জুন কোতোয়ালি থানার এসআই গোলাম মোস্তফা আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেন। এতে বলা হয়, আদালতের নির্দেশনা অনুযায়ী ৬ ও ১৩ জুন দুই দফায় ৯৮০ বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, এ ধরনের মাদকদ্রব্য ধ্বংসের ক্ষেত্রে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিত থাকার বিধান আছে। কিন্তু কোতোয়ালি থানার ওই ফেনসিডিল ধ্বংসের সময় কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি। কেতোয়ালি জোনের সহকারী কমিশনার কাজী হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ওই ফেনসিডিল দুই দিন ধরে লোহার রড দিয়ে পিটিয়ে ভাঙা হয়। আমি বলেছি, ৬ জুন আমি থাকতে পারব না, তারপরও সেদিন অল্প কিছু ভাঙা হয়েছে। ১৩ জুন বেশি ভাঙা হয়েছে। সেদিন আমি পুরোটা সময় ছিলাম।’প্রসঙ্গত, এ ফেনসিডিল ধ্বংসের বিষয় নিয়ে গত ৩০ জুন প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর পুলিশ সদর দপ্তর বিষয়টি তদন্তের নির্দেশ দেয়।