সেই বখাটের ভয়ে বিদ্যালয়ে আসছে না অনেক ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত ও লাঞ্ছিত করার অভিযোগে বখাটের বিরুদ্ধে থানায় মামলার ১৭ দিন পরও সে গ্রেপ্তার হয়নি। এ কারণে ওই বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভয়ে ভুক্তভোগীসহ অনেক ছাত্রী বিদ্যালয়ে আসছে না।পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৩ জুলাই নবম শ্রেণীর ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার তিলাবদুরী গ্রামের কালীপদ প্রাংয়ের ছেলে কাজল কুমার তার হাত ধরে টানাহেঁচড়া করে এবং জোরপূর্বক মাথায় সিঁদুর লাগিয়ে দেয়। এ সময় ছাত্রীটির বান্ধবীরা কাজলকে বাধা দিলে সে তাদের হুমকি দেয়। এ ঘটনায় ছাত্রীটির বাবা ১৫ জুলাই কাজলের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা করেন। কিন্তু এখনো সে গ্রেপ্তার না হওয়ায় ছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।গত মঙ্গলবার ওই বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষিকা আক্তারী বেগম, সহকারী শিক্ষক মির্জা আহকাম হোসেন, হেলাল উদ্দীন, শংকর প্রসাদ প্রাং, আশরাফুল ইসলাম, রওফুন্নাহার বেগম ও মেরিনা খাতুন বলেন, বখাটে কাজল গ্রেপ্তার না হওয়ায় অনেক ছাত্রী আতঙ্কে বিদ্যালয়ে আসছে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সোবহান বলেন, থানা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মামলার তদন্ত কর্মকর্তা আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, আসামি পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।এদিকে কাজলকে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক-কর্মচারীরা গত বুধবার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন। পরে ইউএনওর কাছে বিদ্যালয়ের পক্ষ থেকে অবিলম্বে কাজলকে গ্রেপ্তার এবং ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়।