সেই বখাটের শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীকে কুপিয়ে জখম করার ঘটনার প্রতিবাদে এবং বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক, আহসান হাবিব স্মৃতি সংসদের সভাপতি জহির রায়হান তালুকদার, কবি ও সাহিত্যিক মো. গোলাম মোর্শেদ, সাংবাদিক জিতেন্দ্র নাথ রায়, ছাত্রনেতা সাইদুর রহমান ও জামশেদ, যুবনেতা ফকরুল ইসলাম, বন্ধুসভার জেলা সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৬ অক্টোবর ঈদের দিন সকালে বখাটে সোহেল (২২) কয়েকজনকে নিয়ে বাউফলের সদর ইউনিয়নে ওই তরুণীর বাড়িতে ঢুকে অপহরণের চেষ্টা চালান। এতে বাধা দিলে তরুণীর মাকে মারধর করা হয়। একপর্যায়ে তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান সোহেল। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।