সেই বন্য প্রাণীগুলোর ১২টি ডুলাহাজারা সাফারি পার্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্ধার করা ৩১ প্রজাতির ৮১টি বন্য প্রাণীর মধ্যে পাঁচ প্রজাতির ১২টি প্রাণী ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রাণী চিকিৎসক মোস্তাফিজুর রহমান প্রাণীগুলো গ্রহণ করেন। দুপুরে সাপ, পাখিসহ আরও কিছু প্রাণী লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।শ্রীমঙ্গলে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন কর্মকর্তার (এসিএফ) কার্যালয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে বন বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম প্রাণীগুলো হস্তান্তর করেন।এ কে এম আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা প্রাণীগুলোর মধ্যে রয়েছে দুটি বন ছাগল, একটি ময়ূর, একটি সাদা বাঘ, তিনটি ইমু পাখি, দুটি উট পাখি ও তিনটি মায়া হরিণ। লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি অজগর, দুটি সুতানালি সাপ, দুটি দুধরাজ সাপ, নয়টি টিয়া পাখি, নয়টি ঘুঘু, পাঁচটি ময়না, দুটি তোঁতা পাখি, তিনটি হিমালয়ান পাম সিভেট, দুটি সিলভার প্রিজন, আটটি বেগুনি কালেম, তিনটি কচ্ছপ, চারটি ট্রোগন, তিনটি বানর, দুটি বসন্ত বৌরি ও একটি বাজরিগার পাখি অবমুক্ত করা হয়েছে।আজহারুল ইসলাম জানান, হান্নানের বাড়িতে থাকা তিনটি চিত্রা হরিণ পালনের বৈধ কাগজপত্র রয়েছে। জব্দ তালিকায় বিভিন্ন জাতের কবুতর ও হাঁস ছিল। এগুলো লালন-পালনে বন বিভাগের অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। এগুলো তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া দুটি সজারু ও একটি ভোঁদড় ধরা না যাওয়ায় সেগুলো সেখানে রয়েছে। এগুলো পরে ছাড়া হবে।চিকিৎসক মোস্তাফিজুর রহমান প্রাণীগুলো গ্রহণ করে প্রথম আলোকে বলেন, হান্নানের বাড়িতে একটি উট পাখি ও দুটি ইমু পাখি অসুস্থ। এগুলো এখন অন্য কোথাও স্থানান্তর সম্ভব নয়। গত শনিবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর এলাকার জালালিয়া সড়কের বাসিন্দা মো. আবদুল হান্নানের বাড়ি থেকে বন বিভাগ ও র্যাবের যৌথ অভিযানে ৩১ প্রজাতির ৮১টি বন্য প্রাণী জব্দ করা হয়। ওই দিনই সন্ধ্যায় আট প্রজাতির ১৫টি প্রাণী লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। বাকিগুলো জব্দ তালিকা করে ওই বাড়িতেই হান্নানের জিম্মায় রাখা হয়েছিল।