ভারতের আসাম রাজ্য থেকে বানের পানিতে ভেসে আসা বন্য হাতিটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তাণ্ডব চালিয়েছে। এ সময় এক ব্যক্তি আহত হয়েছেন। অন্তত ১০টি বসতঘর তছনছ হয়ে গেছে। হাতিটি গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ তাণ্ডব চালায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাতে হাতিটি উপজেলার ছাতারিয়া গ্রামের একটি বাড়িতে তাণ্ডব চালায়। পরে রাত তিনটার দিকে পাশের শুয়াকৈর গ্রামের অন্তত ছয়টি বাড়িতে ঢুকে বসতঘর ভাঙচুর করে। গ্রামের লোকজন মশাল জ্বালিয়ে হাতিটিকে তাড়িয়ে দেয়। গতকাল সকাল থেকে হাতিটি উপজেলার বড়বাড়িয়া চরে বন্যার পানিতে অবস্থান করছিল। সকাল সাড়ে ছয়টার দিকে ডিগ্রিপাচ বাড়ি গ্রামের দুটি বাড়িতে ও পরে সাতটার দিকে বড়বাড়িয়া গ্রামের আবদুল হকের বাড়িতে ভাঙচুর করে। এ সময় আবদুল হক আহত হন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা মমতাজ উদ্দিন বলেন, আবদুল হক শঙ্কামুক্ত, তবে তাঁর চিকিৎসা চলছে।
হাতিটিকে রক্ষণাবেক্ষণের জন্য বন বিভাগের ও প্রাণিসম্পদ বিভাগের কোনো কর্মকর্তাকে বড়বাড়িয়া গ্রামের চরে গতকাল বিকেল পর্যন্ত দেখা যায়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শুয়াকৈর গ্রামের বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, ‘রাত তিনটার দিকে হাতিটি আমাদের গ্রামে ঢুকে ছয়টি বসতঘর তছনছ করেছে।’ ইউপি সদস্য বেলায়েত হোসেন বলেন, গতকাল সকাল থেকে হাতিটি বন্যার পানিতে অবস্থান নেয়। মাঝেমধ্যে লোকালয়ে আসার চেষ্টা করে। গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লাঠিসোঁটা হাতে জড়ো হয়। ঢাকঢোল বাজাতে থাকে।
বড়বাড়িয়া গ্রামের আজাহার আলী বলেন, ‘আমরা বন্য হাতিটির আক্রমণের ভয়ে আছি। কোনো কাজকর্মে যেতে পারছি না।’
ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হাতিটি যাতে লোকালয়ে প্রবেশ করতে না পারে, সে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন বলেন, হাতিটিকে পুলিশ নজরে রেখেছে। চরে পুলিশ অবস্থান করছে।