সেই বাঁধ কেটে দিল ক্ষুব্ধ এলাকাবাসী
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী-ফুলতলা সড়কের রানীমোড়া এলাকায় বীরগোয়ালি ছড়ার মুখে দেওয়া মাটির বাঁধ ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল রোববার সকালে কেটে দিয়েছে। ছড়াটির মুখে বাঁধ দিয়ে পানি আটকে এর ওপর কালভার্ট নির্মাণ করছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। সেখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। এর ফলে পার্শ্ববর্তী বীরগোয়ালি হাওরে জলাবদ্ধতার সৃষ্টি হলে বোরো ধানের চারা তলিয়ে যায়। এতে এলাকার বোরোচাষিরা দুর্ভোগে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় ৭০-৮০ জন লোক বীরগোয়ালি ছড়ার মুখে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা কোদাল দিয়ে বাঁধটি কেটে দেন। খবর পেয়ে সওজের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী একাধিক বোরোচাষি জানান, প্রায় এক মাস আগে বাঁধ দেওয়া হয়। এ সময় জলাবদ্ধতার আশঙ্কার কথা জানিয়ে এলাকাবাসী আপত্তি জানায়। কিন্তু তাতে সাড়া দেননি কালভার্ট নির্মাণে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। চার-পাঁচ দিন আগে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি পাম্পের সাহায্যে পানি নিষ্কাশনের কাজ শুরু করলেও এখনো জলাবদ্ধতা কাটেনি।
বোরোচাষিদের ভাষ্যমতে, ইতিমধ্যে বীরগোয়ালি হাওরের অধিকাংশ বীজতলার চারা নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় বাধ্য হয়ে তাঁরা বাঁধটি কেটে দেন।
সওজ কুলাউড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. গোলাম রসূল বেলা সাড়ে তিনটার দিকে মুঠোফোনে বলেন, ‘বাঁধটি কাটার ফলে নির্মাণকাজে যাতে ব্যাঘাত না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্মাণাধীন কালভার্টের পার্শ্ববর্তী বিকল্প সড়কের মাঝখানের মাটি সরিয়ে সেখানে দুই পাশে ইটের গাঁথুনি দিয়ে এর ওপর স্টিলের পাটাতন দেওয়া হবে। এতে সহজে পানি নিষ্কাশিত হবে। এ কাজ আজই (গতকাল) শুরু হবে।’
সওজ সূত্র জানায়, জুড়ী-ফুলতলা, জুড়ী-বড়লেখা ও কুলাউড়া-চাতলাপুর সড়কে পাঁচটি আরসিসি কালভার্ট নির্মাণের কাজ গত মাসে শুরু হয়। প্রায় চার কোটি টাকা ব্যয়ে এ কাজ পেয়েছে কুমিল্লার মেসার্স এমডিএইচবি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে জুড়ী-ফুলতলা সড়কের ভবানীপুর, রানীমোড়া ও সাগরনাল এলাকায় তিনটি কালভার্ট নির্মাণ করা হচ্ছে। গতকাল রোববার প্রথম আলোয় ‘ছড়ার মুখ বন্ধ করে কালভার্ট নির্মাণ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।