সেই বাঘটি আবার লোকালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন ছেড়ে লোকালয়ে আসা অসুস্থ ও অভুক্ত এই বাঘটি এখন মৃত্যুর প্রহর গুনছে। বিশালাকৃতির এই পুরুষ বাঘটি গত বৃহস্পতিবার থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন গোলাখালী গ্রামের মন্টু মিয়ার চিংড়িঘেরের বাঁধে অবস্থান করছে। শিকার ধরা দূরে থাক, চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলা বাঘটি (বেঙ্গল টাইগার) যেকোনো মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বাঘ বিশেষজ্ঞ ও গ্রামবাসী। তবে বাঘটির জন্য খাদ্য সরবরাহ ও এটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার ব্যাপারে বন বিভাগের কোনো তৎপরতা গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত লক্ষ করা যায়নি। ধারণা করা হচ্ছে, এই বাঘটিই ৮ জুলাই সুন্দরবন ছেড়ে ওই এলাকার খোকন গাজীর চিংড়িঘেরের বাঁধে অবস্থান নিয়েছিল। তখন প্রায় ৩৫ ঘণ্টা একই এলাকায় অবস্থানের পর বাঘটি আপন খেয়ালে বনের ভেতর চলে যায়। গতকাল শনিবার সকালে সুন্দরবনসংলগ্ন গোলাখালী গ্রামে গিয়ে দেখা যায়, বাঘটি মন্টু মিয়ার চিংড়িঘেরের বাঁধের ওপর শুয়ে আছে। গ্রামবাসী ও বন বিভাগের সদস্যদের চিৎকার, বাজি কিংবা পটকার শব্দ তাকে যেন স্পর্শ করছে না। দুপুর ১২টা পর্যন্ত একই স্থানে অবস্থানের পর বাঘটি ১০-১২ হাত দূরে গাছের আড়ালে চলে যায়। চার-পাঁচ মিনিট পর বাঘটি আবার বাঁধের ওপর আসে। একপর্যায়ে বন বিভাগ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়কের নেতৃত্বে গ্রামবাসী বাঘের কাছাকাছি গেলে দুর্বল শরীরের বাঘটি কোনো রকমে হেঁটে ৩০-৪০ গজ সামনে গিয়ে আবারও বাঁধের ওপর শুয়ে পড়ে। গোলাখালী গ্রামের হরিপদ সরকার অনুমান করে বলেন, বাঘটি বনের মধ্যে খাবার না পেয়ে বারবার লোকালয়ে আসছে। একই গ্রামের উপেন গাইন বলেন, বাঘটিকে ৯ জুলাই বনে ফেরত পাঠানোর সময় এটির শরীরের যে গঠন ছিল, বৃহস্পতিবার আবার লোকালয়ে আসার পর দেখা যাচ্ছে এটি দুর্বল হয়ে পড়েছে। ঘটনাস্থলে উপস্থিত পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালি স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, বাঘটিকে অসুস্থ মনে হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছে। টানা তিন দিন গ্রামবাসীকে নিয়ে পাহারা দেওয়া হচ্ছে, যাতে বাঘটি বসতবাড়িতে ঢুকে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও বাঘ বিশেষজ্ঞ মনিরুল খান মুঠোফোনে জানান, বাঘটির শারীরিক অবস্থার বর্ণনা শুনে ও ছবি দেখে মনে হচ্ছে, দ্রুত চিকিৎসা না করালে এটির মারা যাওয়ার আশঙ্কা ৯০ শতাংশ। ৮ ও ৯ জুলাই বাঘটি ওই এলাকায় অবস্থানকালে অনুমান করা হয়েছিল, এটি অসুস্থ। তারপর উদ্যোগ নিয়ে বাঘটিকে চিকিৎসা দিলে হয়তো এ অবস্থা হতো না। পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, বাঘটির শারীরিক অবস্থা দুর্বল। ট্রাংকুলাইজ বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যে স্থানে বাঘটি অবস্থান করছে, তার দুই পাশে পানি। ওই স্থানে ট্রাংকুলাইজ (অচেতন) করলে পানির মধ্যে পড়ে বাঘটি মারা যেতে পারে। তা ছাড়া বাঘটির শারীরিক অবস্থা এতটাই দুর্বল মনে হচ্ছে, ট্রাংকুলাইজ করার পর আর চেতনা না-ও ফিরতে পারে।