সেই বাঘিনীর চিকিৎসা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডান পায়ের নিচু অংশের গোড়ালি পর্যন্ত কাটা সেই ছয় বছর বয়সী বাঘিনী (বেঙ্গল টাইগার) এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। গতকাল বুধবার বিকেল পর্যন্ত এই বাঘিনী হাঁটাচলা করতে পারেনি।কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দুই দিন ধরে বাঘিনীর চিকিৎসা চলছে।১৪ জানুয়ারি খুলনার পশ্চিম সুন্দরবনসংলগ্ন কয়রা উপজেলার খাসিটানা গ্রামের একটি বাড়ি থেকে পঙ্গু এই বাঘিনীকে চেতনানাশক গুলি করে আটক করেন বন বিভাগের কর্মীরা। সাতক্ষীরা থেকে ঢাকা হয়ে গত সোমবার রাতে এর ঠাঁই হয় ডুলাহাজারা সাফারি পার্কের বাঘ বেষ্টনীতে।এ নিয়ে ১৬ ও ১৭ জানুয়ারি প্রথম আলোর তৃতীয় পৃষ্ঠায় দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।সাফারি পার্ক তদারকের দায়িত্বপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা এ বি এম জসিম উদ্দিন বলেন, ‘গত মঙ্গলবার সকাল থেকে বাঘিনীকে দৈনিক ১০ কেজি করে গরুর মাংস সরবরাহ করা হচ্ছে। ডান পায়ের ক্ষতস্থানে নিয়মিত ড্রেসিং ও প্রয়োজনীয় চিকিৎসা করা হচ্ছে। আশা করছি বাঘিনী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। তবে এই বাঘিনীর পক্ষে শিকার ধরা সম্ভব হবে কি না সন্দেহ রয়েছে।’বাঘিনীর বর্তমান অবস্থা প্রসঙ্গে সাফারি পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান বলেন, বাঘিনীর পেছনের ডান পায়ের নিচের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন। সম্ভবত ধারালো অস্ত্রের আঘাতে তা হারিয়ে যায়। পায়ের ওই ক্ষত দিয়ে এখনো রক্ত ঝরছে। এ কারণে বাঘিনী হাঁটতে পারছে না।মোস্তাফিজুরের মতে, বাঘিনীর বয়স ছয় থেকে সাত বছর। ওজন প্রায় ৭৫ কেজি। দৈর্ঘ্য সাড়ে ছয় ফুট। বাঘিনীটি এখনো বাচ্চা দেয়নি। সম্ভবত খাদ্যের সন্ধানে বন ছেড়ে পাশের লোকালয়ে আশ্রয় নিয়েছিল।