সেই বাদলের বিপুল পরিমাণ সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমিতির দুই হাজারেরও বেশি সদস্যের ‘শতকোটি’ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাদল রায়ের বিপুল পরিমাণ সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে। এরই মধ্যে কিছু প্রভাবশালী ব্যক্তি তাঁর বাড়ি, দোকান ও ট্রাক দখলে নিয়েছেন। সমিতির ভুক্তভোগী সদস্যদের টাকা ফেরত দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় লোকজন জানান, দুই ভাই বাদল রায় ও বিদ্যুৎ রায় সমিঞ্চলিতভাবে নারায়ণগঞ্জে দুটি সমিতি চালাতেন। সমিতি দুটির কোনো নাম ছিল না। বাদলের সমিতি নামেই সেগুলো পরিচিত ছিল। সদস্যদের বছরে ৩০ শতাংশ লাভ দেওয়া হতো। প্রতি মাসের প্রথম সপ্তাহে সদস্যদের মুনাফা দেওয়া হতো। অনেক বিত্তবান ব্যক্তি তাঁদের অলস টাকা, আবার অনেকে তাঁদের সহায়-সম্বল বিক্রি করে ওই সমিতিতে টাকা জমা দেন। অনেক সদস্য শুধু লাভের টাকার ওপর নির্ভর করে সংসার চালাতেন। ২০ বছর সুনামের সঙ্গে সমিতি পরিচালনা করার কারণে সমিতির সদস্যসংখ্যা দুই হাজার ছাড়িয়ে যায়।সমিতির কয়েকজন সদস্য জানান, গত বছরের নভেম্বরে বাদলের ছোট ভাই বিদ্যুৎ লাপাত্তা হয়ে যান। এরপর সমিতির সদস্যরা পাওনা টাকার জন্য বাদলের নারায়ণগঞ্জের দেওভোগ জিউস পুকুরপাড়ের ভাড়া বাসার সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে বাদল সপরিবারে পালিয়ে যান। পরে এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা হয়। মামলার পর গত নভেম্বরে পুলিশ ধামরাই থেকে স্ত্রী, পুত্রসহ বাদলকে গ্রেপ্তার করে।সমিতিতে টাকা পান, এই দাবি করে প্রভাবশালী ব্যক্তিরা বাদলের সম্পত্তি দখল করে নিতে শুরু করেছেন। এরই মধ্যে বাদলের গলাচিপার বাড়ি দখল করে নিয়েছেন টানবাজারের তিন ব্যবসায়ী। ওই তিন ব্যবসায়ীর দাবি, তাঁরা বাদল ও বিদ্যুতের কাছে এক কোটি দুই লাখ টাকা পান। বাদলের কালীর বাজার স্বর্ণপট্টির দোকানটি দখল করে নিয়েছেন পাশের ‘গিলটির’ দোকানের মালিক আমিজ মিয়া। তাঁর দাবি, বাদলের সমিতিতে তাঁর ২০ লাখ টাকা রয়েছে। এ ছাড়া বাদলের নয়টি ট্রাকের মধ্যে চারটি নিয়ে গেছেন বিমল বিশ্বাস, অনিল বিশ্বাস, জহর পাল ও সুজিত নামের চার ব্যক্তি। বাকি পাঁচটি ট্রাক দখলে রেখেছেন পাগলা ট্রাকস্ট্যান্ডের কয়েকজন নেতা।তা ছাড়া নগরের নন্দীপাড়ায় বাদল রায়ের দুই কোটি ৪০ লাখ টাকার বাড়ির দেয়ালে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন শফিউদ্দিন প্রধান নামের এক ব্যক্তি। সাইনবোর্ডে কাউকে এই বাড়ি কেনাবেচায় অংশ না দিতে অনুরোধ জানানো হয়েছে। শফিউদ্দিন বলেন, তিনি বাদলের কাছে টাকা পাবেন না। তবে এলাকাবাসী তাঁর (বাদল) কাছে টাকা পাবেন। সাবেক পৌর কমিশনার ও এলাকার পঞ্চায়েত সভাপতি হিসেবে তিনি এই সাইনবোর্ড লাগিয়েছেন। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, শফিউদ্দিন চিহ্নিত ভূমি দখলকারী। মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) তারিকুজ্জামান বলেন, এই প্রতারণার ঘটনায় এ পর্যন্ত পাঁচটি মামলা এবং প্রায় দুই হাজার সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বাদল রায় গ্রেপ্তার হলেও তাঁর ছোট ভাই বিদ্যুৎ রায় ভারতে পালিয়ে গেছেন। বাদল ও বিদ্যুৎ কত টাকা আত্মসাৎ করেছেন, এই প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, সেটা নিরূপণ করা সম্ভব হয়নি। তবে আত্মসাৎ করা টাকা শতকোটি না হলেও এর কাছাকাছি হবে। সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামানের কাছে সমিতির সদস্যরা দুই হাজার দুই শ পাস বই জমা দিয়েছেন।