সেই বাবার আত্মহত্যা
সিলেটের বিয়ানীবাজারের আঙ্গুরা গ্রামে ছেলেকে নদীতে নিক্ষেপ করে হত্যার ঘটনায় অভিযুক্ত সেই বাবা আত্মহত্যা করেছেন। গত শুক্রবার রাতে গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
পুলিশ খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গ্রামবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, আঙ্গুরা গ্রামের বাসিন্দা কুটিল মিয়া (৩৫) সম্প্রতি দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নেন। এতে তাঁর স্ত্রী বাধা দিলে দুজনের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে কুটিল তাঁদের আট বছর বয়সী শিশু জাকির হোসেনকে কুশিয়ারা নদীতে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। পরে জাকিরের মরদেহ উদ্ধার করা হয়।
বিয়ানীবাজার থানার ওসি আবুল কালাম আজাদ জানান, কুটিল মিয়া মানসিক বিকারগ্রস্ত। শুক্রবার তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলকাছ আলীর জিম্মায় দেওয়া হয়। ওই রাতেই তিনি আত্মহত্যা করেন।