সেই বাসচালকের জামিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় বাস দুর্ঘটনায় ২৫ যাত্রী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় বাসের চালক জাকির হোসেন জামিন পেয়েছেন। আজ রোববার দুপুরে ফরিদপুরের দুই নম্বর আমলি আদালতের বিচারক ফয়সাল আল মামুন শুনানি শেষে জাকিরের জামিন মঞ্জুর করেন।

গতকাল দুপুরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাকিরকে গ্রেপ্তার করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। আজ সকালে তাঁকে আদালতে হাজির করা হয়।

ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকার কৈডুবি সদরদী এলাকায় গত বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার সোনার তরী পরিবহনের ওই বাস ঢাকা থেকে পটুয়াখালীর খেপুপাড়া যাচ্ছিল। রাত নয়টার দিকে রাজধানীর গাবতলী থেকে ছেড়ে যাওয়া বাসে যাত্রী হয়ে উঠেছিলেন অর্ধশতাধিক লোক। বাসটি ওই এলাকায় যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারালে সেটি মহাসড়কের বাঁ পাশে একটি কড়ইগাছে আঘাত করে দুমড়ে-মুচড়ে যায়। ২৫ যাত্রী নিহত ও ২২ জন আহত হন।

ঘটনার পর ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ বাদী হয়ে বেপরোয়া গাড়ি চালিয়ে যাত্রী হত্যার অভিযোগ এনে বাসটির চালক জাকিরকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। সেই মামলায় আজ জামিন পেলেন জাকির।