ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গত শনিবার রাতে ঘিওর থানায় করা ওই মামলায় বাসের চালক জামির হোসেনকে আসামি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা (ডিবি) মাঠে নেমেছেন। ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমানের করা মামলার এজাহারে বলা হয়েছে, চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের ওই যাত্রীবাহী বাসটির চালক জামির বেপরোয়া গতিতে চালিয়ে ডান দিকে (ভুল পথে) গিয়ে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটিকে ধাক্কা দেন। এতে মাইক্রোবাসের ভেতরে থাকা নয় ব্যক্তির মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। বাসচালক জামিরের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামে।ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন প্রথম আলোকে বলেন, পুলিশ সুপারের নির্দেশে মামলার নথি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।একটি সূত্রে জানা গেছে, বাসচালক জামিরকে গ্রেপ্তারে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উল ইসলামের নেতৃত্বে একটি দল গতকাল সকালেই চুয়াডাঙ্গা যায়। ডিবির ওসি মো. আশরাফ উল ইসলাম গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জামিরকে গ্রেপ্তারে সন্ধ্যায় তাঁর গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু তাঁকে সেখানে পাওয়া যায়নি। তবে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।স্থানীয় একটি সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই বাসচালক জামির তাঁর গ্রামের বাড়িতে চলে আসেন। শনিবার রাতে তিনি নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। পুলিশের অভিযান শুরু হলে মধ্যরাতে আত্মগোপনে চলে যান। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, জামিরকে গ্রেপ্তার করতে তাঁর গ্রামের বাড়ি দৌলাতদিয়াড়সহ সম্ভাব্য সব জায়গায় অভিযান চালানো হচ্ছে। শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকা এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে তারেক মাসুদ, মিশুক মুনীর, প্রডাকশন কর্মী জামাল হোসেন, অসীম ও মাইক্রোবাসের চালক মোস্তাফিজুর রহমান নিহত হন। এ ছাড়া তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক ঢালী আল মামুন ও তাঁর স্ত্রী দিলারা জামান জলি আহত হন।