সেই বাসচালকের আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগম এবং বিসিক চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমানের জিপের সঙ্গে যে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল তার চালক আনোয়ার হোসেন আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার আত্মসমর্পণের পর মানিকগঞ্জের বিচারিক আদালত তাঁকে জেলহাজতে পাঠিয়ে দেন। গত শনিবার ঢাকা-আরিচা মহাসড়কে শিবালয় উপজেলার উথলিতে ওই সড়ক দুর্ঘটনায় ওই দুই কর্মকর্তা নিহত হন। দুর্ঘটনার দুই দিন পার হয়ে গেলেও পুলিশ চালক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি। নানা মহলের চাপের মুখে তিনি গত সোমবার আত্মসমর্পণ করেন বলে জানা গেছে। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বাসটির এক বছর ধরে মহাসড়কে চলাচল করার সনদ ছিল না। এর পরও বাসটি নির্বিঘ্নে যাত্রী পরিবহন করে আসছিল। সূত্র জানায়, চালকের লাইসেন্সও ছিল মেয়াদোত্তীর্ণ। এ প্রসঙ্গে শিবালয়ের বরঙ্গাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর বাসটিতে কোনো কাগজপত্র পাওয়া যায়নি। এ ছাড়া মালিকপক্ষও কোনো কাগজ জমা দেয়নি।