জোনাকি পরিবহনের সেই বাসটি গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে আটক করেছে পুলিশ। তবে এর চালক পলাতক রয়েছেন।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি বাসস্ট্যান্ডে গত বুধবার সকালে এই বাসের ধাক্কায় প্রথম আলোর গজারিয়া প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ গুরুতর আহত হন। এ ঘটনায় ওই দিনই গজারিয়া থানায় মামলা করা হয়।আহত মহিউদ্দিনকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা জানান, তাঁর বুকের বাঁ পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গেছে। এ ছাড়া তাঁর বাঁ পায়ের গোড়ালির অংশের হাড় ভেঙে গেছে। গতকাল তাঁকে বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম রাতে প্রথম আলোকে বলেন, বাসটি সায়েদাবাদ স্ট্যান্ড থেকে উপজেলার ভবেরচর ফাঁড়িতে আনা হবে। বাসচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।