সেই বিএনপি নেতার খোঁজ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ উধাও হয়ে যাওয়া ওয়ার্ড বিএনপির নেতা কাজী আতাউর রহমান ওরফে লিটু কাজীর খোঁজ গতকাল সোমবারও মেলেনি। আতাউরের পরিবার গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি সংবাদ সম্মেলনের জন্য গণমাধ্যমে আমন্ত্রণপত্র পাঠিয়েছিল। কিন্তু গতকাল সকালে হঠাৎ করেই তারা সংবাদ সম্মেলন স্থগিত করে। যোগাযোগের চেষ্টা করা হলে গতকাল দুপুর থেকেই আতাউরের স্ত্রী ও তাঁর ভাইয়ের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাঁদের পরিচিত লোকজনও এ ব্যাপারে কিছু জানাতে পারেননি। এর আগে গত রোববার আতাউরের পরিবার অভিযোগ করে, গত বৃহস্পতিবার দয়াগঞ্জ এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁকে ধরে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। তাদের আশঙ্কা, আতাউর গুপ্তহত্যার শিকার হতে পারেন। যাত্রাবাড়ী থানার ওসি আবুল কাশেম বলেন, পুলিশ আতাউরের খোঁজে কাজ করছে। তবে তাঁর অবস্থান শনাক্ত করা যায়নি।মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, হঠাৎ করেই গতকাল থেকে আতাউরের পরিবার নিজেদের গুটিয়ে নিয়েছে। তারা পুলিশকে ধীরে চলার অনুরোধ জানিয়েছে। পুলিশের ধারণা, আতাউরের ব্যাপারে কেউ পরিবারকে প্রলোভন দেখাতে পারে। এ কারণে পরিবারটি মুখ বন্ধ রাখছে। তবে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।