সেই বিজ্ঞানীদের ভেজাল সার ভালো করার চেষ্টা মাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা যে ভেজাল সারকে ভালো বানানোর জন্য উঠেপড়ে লেগেছিলেন, তাঁদের সেই উদ্যোগ মাটি করে দিয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক। তিনি ওই সারের নমুনা সংগ্রহ করে ঢাকায় মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ে পাঠিয়েছিলেন। সেখানে সামান্য কিছু সার ছাড়া সবই ভেজাল বলে প্রমাণিত হয়েছে৷ ১ জুন দিনাজপুরের জেলা প্রশাসক সেই পরীক্ষার প্রতিবেদন হাতে পেয়েছেন৷

ব্যবহারযোগ্য নয় বলে সরকারিভাবে যে সার ধ্বংস করতে বলা হয়েছিল, দীর্ঘদিন পর রাজশাহীর মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা সেই সারকেই ভালোমানের বলে প্রত্যয়ন করেছিলেন। অবশ্য এর মাত্র ১৫ দিন আগে তাঁরাও এই সারকে নিম্নমানের বলে প্রতিবেদন পাঠিয়েছিলেন৷ দুই রকম প্রতিবেদনের কারণে তাঁদের এই পরীক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। এবার দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে নমুনাগুলো পরীক্ষা করতে ঢাকায় পাঠানো হয়৷

এর আগে সারের নমুনা পরীক্ষার ফলাফল নিয়ে গত ৫ এপ্রিল প্রথম আলোয় ‘ভেজাল সার ১৫ দিন পরই হয়ে গেল ভালো’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই অভিযুক্ত বিজ্ঞানীদের বদলি করা হয়। তাঁরা বলছিলেন, সারগুলো ভালোমানের । কিন্তু তঁাদের প্রথম পরীক্ষার প্রতিবেদনে এই সারগুলো ভেজাল বলে প্রত্যয়ন করা হয়েছিল। এই বিতর্ক এড়ানোর জন্য দিনাজপুরের জেলা প্রশাসক আ হ ম শামীম আল রাজি সারের নমুনা ফের পরীক্ষার জন্য ঢাকায় পাঠান৷ অবশ্য ফলাফল আসার আগেই রাজশাহী ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাসহ চার বৈজ্ঞানিক কর্মকর্তাকে রাজশাহী থেকে খুলনা, কুমিল্লা ও বগুড়ায় বদলি করা হয়েছে। তাঁরা ইতিমধ্যে নতুন কর্মস্থলে যোগদান করেছেন৷

প্রসঙ্গত, দিনাজপুরের হিলি শুল্কগুদাম সূত্রে জানা গেছে, ভারত থেকে বিভিন্ন পথে বাংলাদেশে পাচারের সময় ধরা পড়া প্রায় তিন হাজার ৪৯৫ মেট্রিক টন সার বর্তমানে দেশের ১১টি শুল্কগুদামে রয়েছে৷ গুদামগুলো হচ্ছে হিলি, লালমনিরহাট, মোগলহাট, পাটগ্রাম, নেকমরদ, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুর ও রংপুর৷ এই সারের মান নিয়েই প্রশ্ন উঠেছে৷