মেহেরপুরের গাংনী উপজেলায় নির্মাণাধীন নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন গতকাল সোমবার থেকে ভাঙা শুরু হয়েছে। নিম্নমানের উপকরণ দিয়ে যেসব অংশ নির্মাণ করা হয়েছে, ভবনটির সেই সব অংশ ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশনা দিয়েছে এলজিইডির প্রধান কার্যালয়।
মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সরদার গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, প্রথম দিন দোতলার কয়েকটি পিলার, ভেঙে পড়া সিঁড়িসহ ইটের গাঁথুনি ভাঙা হচ্ছে। ভবনে মেটালিক সাউন্ডের মাধ্যমে নিম্নমানের নির্মাণসামগ্রী চিহ্নিত করা হবে। এভাবে নির্মাণের সিংহভাগই ভাঙা হবে।
বিদ্যালয় ভবনের সিঁড়ি নির্মাণের ১০ দিনের মাথায় গত ৭ জানুয়ারি ধসে পড়ে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য কুষ্টিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান তামান্না এন্টারপ্রাইজ কার্যাদেশ পায়। পরে তারা মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঠিকাদার এম এ খালেকের কাছে কাজটি বিক্রি (সাব-কন্ট্রাক্ট) করে দেয়। খালেকের সঙ্গে স্থানীয় ঠিকাদার মুনায়েম হোসেন ভবনটি নির্মাণ করছেন। ৬৩ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে এই নির্মাণকাজ গত বছরের মাঝামাঝিতে শুরু হয়। তবে শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিসহ স্থানীয় লোকজন এ বিষয়ে উপজেলা প্রকৌশলী, শিক্ষা প্রকৌশলী ও ঠিকাদারের কাছে বারবার অভিযোগ করলেও কাজ হয়নি। ৭ জানুয়ারি দুপুরে বিদ্যালয়ের সিঁড়ি ধসে পড়ে। ঘটনার পর দফায় দফায় এলজিইডির প্রকৌশলী দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এলজিইডি সূত্রে জানা গেছে, ১৩ জানুয়ারি বুয়েটের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজে ব্যবহৃত ইট, বালু, সিমেন্টসহ কিছু নমুনা নিয়ে যায়। তারা একটি প্রতিবেদন এলজিইডির প্রধান কার্যালয়ে জমা দেয়। গত বৃহস্পতিবার ই-মেইলে গাংনী উপজেলা প্রকৌশলীর কাছে একটি নির্দেশনা আসে। তাতে উল্লেখ করা হয়, ঠিকাদার নিজ দায়িত্বে ত্রুটিপূর্ণ কাজ ভেঙে পুনরায় নির্মাণ করবে। এর যাবতীয় ব্যয় ঠিকাদার বহন করবে।
মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সরদার বলেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে ভাঙার কাজ শেষ করে নতুন করে নির্মাণকাজ শুরু হবে। ঠিকাদার নিজ খরচে এ কাজ করবে। আগামী ৩০ জুনের মধ্যে নতুন নির্মাণকাজ শেষ করতে হবে।
তামান্না এন্টারপ্রাইজের মালিক সামসুল ইসলাম বলেন, গাংনীর বাসিন্দা আবদুল খালেক ও মুনায়েম হোসেনকে সাব-কন্ট্রাক্ট দিয়েছেন তিনি। ফলে যা-ই ঘটুক, কোনো কিছুর দায়ভার তিনি নেবেন না।
আবদুল খালেক বলেন, ‘নবীনপুর স্কুলের কাজ আমি করছি না। মুনায়েম হোসেন করছেন। উনি তামান্না এন্টারপ্রাইজের মালিকের আত্মীয়।’