সেই বিদ্যালয় মাঠে পশুর হাট বন্ধ
কিশোরগঞ্জের নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার তৎপরতায় নিকলীর সেই বিদ্যালয় মাঠে পশুর হাট আপাতত বন্ধ হয়েছে। গতকাল বুধবার সেখানে হাট বসেনি।
পাঁচ বছর ধরে উপজেলার আঠারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতি বুধবার গরুর হাট বসে। বেলা একটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ হাট চলে। এ কারণে পাঠদানের সময় দুই ঘণ্টা কমিয়ে এনে বেলা দুইটায় বিদ্যালয় ছুটি দেওয়া হয়। মূলত এ পশুর হাট গোপিরায় বাজারের নামে ইজারা নেওয়া হয়। কিন্তু বাজারে জায়গা না থাকায় ওই স্কুলমাঠেই হাটটি বসত। এ নিয়ে গত বৃহস্পতিবার প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘নিকলীতে বিদ্যালয় মাঠে পশুর হাট’ শিরোনামে খবর প্রকাশিত হয়।
গত রোববার বেলা ১১টায় উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর চন্দ দেবনাথ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গোপিরায় বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি সফি উদ্দিন মাস্টারকে নিয়ে এক বৈঠক হয়। এ সময় শিক্ষা কর্মকর্তা আবু তাহের ভূঞা বিদ্যালয় মাঠে গরুর হাট বন্ধের নির্দেশ দেন এবং বিকেল চারটা পর্যন্ত পাঠদান চালু রাখার নির্দেশ দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর চন্দ দেবনাথ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফি উদ্দিন মাস্টার বলেন, রোববার ইউএনও হাবিবুর রহমান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের ৫২ শতকের মধ্যে গরুর হাট বন্ধের নির্দেশ দিয়েছেন এবং বিকেল চারটা পর্যন্ত ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর পরও কেউ হাট বসানোর চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বেলা তিনটার সরেজমিনে ওই বিদ্যালয়ে দেখা গেছে, মাঠে গরুর হাট নেই। শিক্ষার্থীদের পাঠদান চলছে।